সংবাদসংস্থা, মুম্বই: রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন, করণ জোহরের বহুল আলোচিত চ্যাট শো 'কফি উইথ করণ ৮'-এর প্রথম পর্বে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন। তাঁদের জমকালো রসায়ন শিরোনাম হয়েছে। অনুষ্ঠানে, এই দম্পতি তাঁদের সম্পর্ক, বিয়ে, প্রেমের প্রস্তাব সম্পর্কে প্রাণখোলা আড্ডায় মেতে ওঠেন। রণবীর জানান, কীভাবে তিনি দীপিকাকে প্রথমবার দেখে মুগ্ধ হয়েছিলেন। অথচ একই প্রেক্ষাপট তিনি প্রাক্তন বান্ধবী অনুষ্কা শর্মার জন্য বলেছিলেন করণের 'কফি উইথ করণ' অনুষ্ঠানের আগের সিজনে। ভারসোভায় , পরিচালক সঞ্জয় লীলা বনসালির বাড়িতে 'রাম লীলা'র জন্য স্ক্রিপ্ট শুনতে গিয়েছিলেন রণবীর। সেখানে দীপিকা আসার আগে, অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন বনসালি। অনুষ্ঠানে অভিনেতা জানান, ' বনসালি স্যারের বাড়ি সমুদ্রের পাশে। আমি ঘরের দরজার পাশে বসেছিলাম। দরজা বন্ধ ছিল। হঠাৎ সমুদ্রের হাওয়ায় দরজা খুলে যায়, তাকিয়ে দেখি দীপিকা ঢুকছেন ঘরে। তাঁর পরনে সাদা সালোয়ার কামিজ। সমুদ্রের হাওয়াতে তাঁর চুল উড়ছে। সে এক দারুন মুহূর্ত! ওহ মাই গড!' অনুষ্ঠানের এই ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল। এই একই গল্প অভিনেতা আগেও বলেছেন। এই একই অনুষ্ঠানে বলেছেন। তবে দীপিকার জন্য নয়। আগে তিনি এই গল্পটি বলেছিলেন প্রাক্তন প্রেমিক অনুষ্কা শর্মার জন্য। পূর্ণ সেই ভিডিও আবার নতুন করে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়েই চরম ট্রোলের মুখে বাজিরাও।
