পুজোর আর হাতে গোনা মাত্র ক'দিন বাকি। আকাশে শরতের মেঘ না জমলেও পুজোর প্রস্তুতি কিন্তু শুধু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলে মহালয়ার শুটিং শুরু হয়েছে। কে দেবী দুর্গার রূপে কাকে দেখা যাবে? জানা যাচ্ছে, স্টার জলসার মহালয়ায় দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। আর দেবাদিদেব মহাদেবের চরিত্রে কাকে দেখা যাবে? সেই নিয়েও ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে।
জানা যাচ্ছে, স্টার জলসার এবারের মহালয়ায় শিবের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের নায়কের চরিত্রে। এর আগেও বহুবার বিভিন্ন চ্যানেলের মহালয়ায় শিবের চরিত্রে দেখা গিয়েছিল রণজয়কে। এবারও তার অন্যথা হল না। ইতিমধ্যেই নাকি এই চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা।
গত কয়েক বছর ধরে স্টার জলসার মহালয়ায় দুর্গা রূপে দেখা যেত অভিনেত্রী কোয়েল মল্লিককে। তবে চলতি বছর শুভশ্রী গাঙ্গুলিকে এই চরিত্রে দেখবেন দর্শক। এবারের মহালয়ায় শুভশ্রী ছাড়াও দুর্গার অন্যান্য চরিত্রে দেখা যেতে পারে স্টার জলসা চ্যানেলের আরও অভিনেত্রীকে। ইতিমধ্যেই নাকি শুটিংও শুরু হয়েছে মহালয়ার।
প্রসঙ্গত, 'প্রতিজ্ঞা' ধারাবাহিকে নায়কের চরিত্রে রণজয়। আর নায়িকা 'ছুটি'র চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অভীকা মালাকারকে। এই মেগার মাধ্যমেই প্রথমবার জুটি বেঁধেছেন রণজয় ও অভীকা। প্রথম হলেও ইতিমধ্যেই টলিপাড়ার পছন্দের জুটির তালিকায় নাম থাকে অভি-ছুটির। পর্দায় নায়ক-নায়িকার দুষ্টু-মিষ্টি রসায়ন বেশ মনে ধরেছে দর্শকের।
















