২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে একে একে উঠে আসছে তারকা প্রার্থীদের নাম।টলিপাড়ায় বহুদিন ধরেই গুঞ্জন এবার নাকি প্রার্থীর তালিকায় নাম লেখাতে চলেছেন অভিনেত্রী রণিতা দাস। ২০২১ সালেও একই গুঞ্জন শোনা গিয়েছিল। তখন আবার অন্যান্য সম্ভাব্য তারকা প্রার্থীদের সঙ্গে প্রশিক্ষণও চলেছিল তাঁর। রাজনীতির ময়দানে কোমর বেঁধে নামার আগে এই নবাগতদের ক্লাস নিয়েছিলেন ক্যুইজ মাস্টার ডেরেক ও’ ব্রায়েন। তৃণমূল ভবনে রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, সৌরভ দাস, রণিতা দাসদের হাতে-কলমে শেখানো হয়েছিল কীভাবে সামলাতে হবে ভোট প্রচার, কী বলতে হবে জনসভায়। এমনকী দেওয়া হয়েছিল ভুয়ো ভিডিও চিহ্নিত করার টিপসও।

সেই সময় প্রার্থী তালিকায় নাম ছিল না রণিতার।পাঁচ বছর পর আবারও নাকি প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। কানাঘুষো চলছে তার গুঞ্জন। এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হয়েছিল রণিতা দাসের সঙ্গে। 

অভিনেত্রীর কথায়, "এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও খবর আমার জানা নেই। এখনও ডাক আসেনি কোথাও থেকে, তাই প্রার্থী হওয়ার গুঞ্জন, নিছকই জল্পনা।"

রণিতাকে দর্শক এই মুহূর্তে দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'ও মোর দরদিয়া'র মুখ্য চরিত্রে। ধারাবাহিকের নায়িকা 'বাণী'র চরিত্রে অভিনয় করে দর্শক মহলে আবারও জায়গা করে নিয়েছেন রণিতা। বেশ‌ কয়েক বছর পর ছোটপর্দায় ফিরে আবারও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এই মেগা টিআরপি তালিকাতেও দারুণ ফল করে। এই জনপ্রিয়তাকেই কি হাতিয়ার করে রাজনীতির ময়দানে পা দেবেন রণিতা? অভিনেত্রী জল্পনা বলে উড়িয়ে দিলেও সম্ভাবনা যে একেবারে নেই তা কিন্তু নয়। 

চলতি বিধানসভা ভোটে জোড়া ফুলের প্রার্থী তালিকায় থাকতে চলেছে একাধিক তারকা প্রার্থী। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়েছেন এক ঝাঁক তারকা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসেবে যখন কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয় রীতিমত চমকে উঠেছিলেন সকলে। অভিনেত্রী যে রাজনীতির আঙিনায় পা দিতে পারেন এটা যেন অপ্রত্যাশিত ব্যাপার ছিল অনেকের কাছেই। তবে সেটিকে এদিন বাস্তবায়িত করে বিধানসভায় মনোনয়ন পত্র জমা দিলেন।