'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকটি মাঝে মাঝে যতই তার প্রোমোর জন্য বিদ্রুপ, কটাক্ষের মুখে পড়ুক টিআরপি তালিকায় দাপট দেখাতে ছাড়ে না। এই সপ্তাহও তার ব্যতিক্রম নয়। তার মাঝেই 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে আসছে নতুন চমক।
সদ্যই চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বিশ্ব স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জন্য রাঙাকে অনুপ্রেরণা জোগাচ্ছে তার ট্রেনার। বলছে এই বলছে রাঙামতীকে নজির গড়তেই হবে। সোনার মেডেল জিতে, সোনার অক্ষরে নাম লেখাতে হবেই। এই কথায় উদ্বুদ্ধ হবে নায়িকা। তারপর সে ব্যস্ত হয়ে পড়ে ট্রেনিংয়ে।
অন্যদিকে বৃন্দা যেখানেই যাচ্ছে তাকে ফলো করতে থাকে সব্যসাচী। বিষয়টা খানিক আন্দাজ করে বৃন্দা। তাই বরকে ধমক দেয় সজোরে। কিন্তু এসবে সে মোটেই দমবার পাত্র নয়। বুঝে যায় বৃন্দা নতুন করে কিছু পরিকল্পনা করছে। সেই কারণেই ফোন করে রাঙামতীকে সবটা জানায়। বলে বৃন্দা একটি অনাথ আশ্রমে এসেছে। কিন্তু এই কথা শুনেই মুখ ফ্যাকাশে হয়ে যায় নায়িকার কিন্তু কেন? কীসের জন্য এত ভয় পেল সে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে।
'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের আর একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তীরন্দাজি বিভাগে অংশ নিয়েছে রাঙামতী। কিন্তু সে কি আদৌ নিজের সেরাটা দিয়ে খেলতে পারবে, লক্ষ্যভেদ করে জয়ী হবে? কারণ তীর ধনুক নিয়ে দাঁড়াতেই সে রীতিমত টলতে শুরু করে, চোখ ঝাপসা হয়ে আসে। লক্ষ্যে ফোকাসই করতে পারে না। এরপরই জানা যায় সে গর্ভবতী। কিন্তু এই কথা কাউকে জানায়নি।
রাঙামতীর শাশুড়ি এসে জানায় তার নাম বিশ্ব স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জন্য মনোনীত হয়েছে। একলব্য সহ সকলেই বলে, এই প্রতিযোগিতা তাকে জিততেই হবে। কারণ এবার খালি আর ওর বাড়ির লোকজন নয়, বরং গোটা দেশের মানুষের প্রত্যাশা জড়িয়ে রয়েছে রাঙামতীর সঙ্গে তাকে এই প্রতিযোগিতা জিতে দেখাতেই হবে। বাড়ির লোকজন তার উপর এত আশা ভরসা দেখানোয় গর্ভবতী হওয়ার কথা চেপে যায় রাঙামতী। ঠিক করে এই প্রতিযোগিতা তাকে তার সন্তান এবং দেশের জন্য জিততেই হবে, তারপরই সকলকে এই সুখবর দেবে। কিন্তু এভাবে মাথা ঘুরিয়ে যাওয়া, দুর্বল শরীর নিয়ে কি সে আদৌ সেরাটা দিয়ে প্রস্তুতি নিতে বা জিততে পারবে? এই প্রশ্নের জবাব আগামীতে পাওয়া যাবে।
'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় মনীষা মণ্ডল, নীলাঙ্কুরকে দেখা যায়। 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যায়।
