'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের গল্পে আসছে নতুন টুইস্ট। নতুন বিপদের মুখোমুখি নায়িকা। সঙ্গে খলনায়িকাও! কী ঘটতে চলেছে এবার গল্পে?
সদ্যই চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জাহাজে করে রাঙামতী তার গোটা পরিবার নিয়ে কোথাও যাচ্ছে। আর সেখানেই উদযাপন করা হচ্ছে নায়িকার শ্বশুর এবং শাশুড়ির বিবাহবার্ষিকী। চলছে কেক কাটা, অন্যান্য উদযাপন। আর সেই সময় একাকী দাঁড়িয়ে রাঙামতী জানায় তাদের এই বিবাহবার্ষিকীর উদযাপন সবার মনে থাকবে। আর সেই সময়ই সেখানে আছে বৃন্দা।
বৃন্দা রাঙামতীর হাত ধরে বলে, নায়িকার ইচ্ছে পূরণ হবে, সবার এই দিন মনে থাকবে। তবে অন্য কারণে। বলেই সে সজোরে নায়িকাকে ধাক্কা দেয় জলে ফেলে দেওয়ার জন্য। আর সেই সময় রাঙামতী তার হাত ধরে থাকার কারণে নায়িকার সঙ্গে বৃন্দাও জলে পড়বে। এই ঘটনার পর আদৌ কি বাঁচবে রাঙামতী, নাকি বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার আগেই সলিল সমাধি ঘটবে তার? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে।
এই প্রোমো দেখে নেটপাড়ার হাসি থামছেই না। কমেন্ট বক্সেও নানা মজার কমেন্ট করেছেন নেটিজেনরা।
এছাড়া 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের আরও একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তীরন্দাজি বিভাগে অংশ নিয়েছে রাঙামতী। কিন্তু সে কি আদৌ নিজের সেরাটা দিয়ে খেলতে পারবে, লক্ষ্যভেদ করে জয়ী হবে? কারণ তীর ধনুক নিয়ে দাঁড়াতেই সে রীতিমত টলতে শুরু করে, চোখ ঝাপসা হয়ে আসে। লক্ষ্যে ফোকাসই করতে পারে না। এরপরই জানা যায় সে গর্ভবতী। কিন্তু এই কথা কাউকে জানায়নি। রাঙামতীর শাশুড়ি এসে জানায় তার নাম বিশ্ব স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জন্য মনোনীত হয়েছে। একলব্য সহ সকলেই বলে, এই প্রতিযোগিতা তাকে জিততেই হবে। কারণ এবার খালি আর ওর বাড়ির লোকজন নয়, বরং গোটা দেশের মানুষের প্রত্যাশা জড়িয়ে রয়েছে রাঙামতীর সঙ্গে তাকে এই প্রতিযোগিতা জিতে দেখাতেই হবে। বাড়ির লোকজন তার উপর এত আশা ভরসা দেখানোয় গর্ভবতী হওয়ার কথা চেপে যায় রাঙামতী। ঠিক করে এই প্রতিযোগিতা তাকে তার সন্তান এবং দেশের জন্য জিততেই হবে, তারপরই সকলকে এই সুখবর দেবে। কিন্তু এভাবে মাথা ঘুরিয়ে যাওয়া, দুর্বল শরীর নিয়ে কি সে আদৌ সেরাটা দিয়ে প্রস্তুতি নিতে বা জিততে পারবে?
'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় মনীষা মণ্ডল, নীলাঙ্কুরকে দেখা যায়। 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যায়।
















