অপেক্ষার অবসান। অবশেষে শুরু হল রাজকুমার রাও অভিনীত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। এদিন অভিনেতা নিজেই সেই আপডেট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সৌরভের বায়োপিকের নাম রাখা হয়েছে 'দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'।
এদিন ইনস্টাগ্রামে রাজকুমার রাও দুটো ছবি পোস্ট করেছেন। একটিতে ছবির নাম দেখা যাচ্ছে, আরেকটিতে ফাঁকা স্টেডিয়াম। এই ছবি দু'টো পোস্ট করে রাজকুমার রাও সমাজমাধ্যমে লেখেন, 'অবশেষে শুরু হল। দ্য ওয়ান অ্যান্ড অনলি দাদা।' রাজকুমার রাও এদিন এই সুখবর দেওয়ার পরই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর সহকর্মীরা। গায়ক সচেত ট্যান্ডন লেখেন, 'অনেক শুভ কামনা ভাই।' নেহা ধুপিয়া, অপরশক্তি খুরানা, টিস্কা চোপড়া, প্রমুখ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন রাজকুমার রাও। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সেখানে থেকে তিনি কাছ থেকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন সৌরভকে। তাঁর হাঁটাচলা, কথা বলার ভঙ্গি লক্ষ্য করেন।
যবে থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ঘোষণ করা হয়েছে, তবে থেকে একগুচ্ছ অভিনেতার নাম উঠে এসেছে যে কাকে দেখা যাবে দাদার চরিত্রে। কখনও রণবীর কাপুর, তো কখনও আয়ুষ্মান খুরানা, তো কখনও অন্য কেউ। অবশেষে জানা যায় নাম ভূমিকায় থাকবেন রাজকুমার রাও।
জানা গিয়েছে এই ছবিতে একাধিক বাঙালি অভিনেতা, অভিনেত্রীকে দেখা যাবে। জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা আঢ্যকে। সৌরভের বাবা, চণ্ডি গঙ্গোপাধ্যায়ের চরিত্রে বোমন ইরানিকে দেখা যাবে। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রে থাকবেন অভিনেতা গজরাজ রাও। তবে সৌরভপত্নী ডোনার ভূমিকায় কাকে দেখা যাবে সেটা এখনও অজানা।
২০২১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ঘোষণা করা হয়। এরপর থেকেই দাদা অনুরাগীরা মুখিয়ে আছেন ছবিটির জন্য। অবশেষে সেটার শুটিং শুরু হতেই খুশি সকলে। প্রসঙ্গত, 'দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি' ছবিটির পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে। লাভ ফিল্মস এবং ডিবিএল ছবিটির প্রযোজনা করছে।
তবে এটাই প্রথম নয়, যখন কোনও ক্রিকেট তারকার বায়োপিক হচ্ছে। এর আগে মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, প্রমুখের বায়োপিক হয়েছে বলিউডে।















