কখনও তিনি পুলিশ অফিসার, আবার কখনও দুষ্টু লোক, হিন্দি থেকে বাংলা, দাপিয়ে করেছেন, কথা হচ্ছে অভিনেতা রাজেশ শর্মার। এই দাপুটে অভিনেতা বর্তমানে হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে তাঁর। কী হয়েছে, এখন কেমন আছেন তিনি, খোঁজ নিল আজকাল ডট ইন।
রাজেশ শর্মার অসুস্থতার খবর পেতেই অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনয়ই জানান, পোকার কামড় থেকে ইনফেকশন হয়েছে রাজেশ শর্মার। বিস্তারিত জানিয়ে তিনি বলেন, "কিছু একটা পোকা কামড়েছিল ওঁকে। ওঁর তো ডায়াবেটিস আছে, ফলে সেখান থেকে একটা মারাত্মক ইনফেকশন হয়ে গিয়েছে। পা ফুলে গিয়েছে। ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে গিয়েছিল। সুগার বেড়ে, শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। খুবই সিরিয়াস অবস্থা ছিল। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।"
এখন কেমন আছেন অভিনেতা? সুদীপা চট্টোপাধ্যায় বলেন, "আজ দেখে এলাম, আগের তুলনায় সামান্য ভাল আছেন। তবে কনফিউশন, ডিলিউশন হচ্ছে আর কী। নানা রকম জটিলতা রয়েছে, কিন্তু এখন বিপদ কেটে গিয়েছে।"
ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে গোটা বিষয়টা দেখছেন বলেই জানালেন এদিন সুদীপা। প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন রাজেশ শর্মা। তাঁর এই অসুস্থতার সময় বুম্বাদা খোঁজ খবর রাখছেন। তাঁর কথায়, "প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাসপাতালে কথা বলেছেন। আগের তুলনায় ঠিক আছেন উনি, নিয়ন্ত্রণে আছে সবটা। ইনফেকশনটা ছড়ায়নি আর, ছড়ালে মুশকিল হতো।"
প্রসঙ্গত, রাজেশ শর্মা নয়ন রহস্য, দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান, ষড়রিপু, ইত্যাদির মতো ছবিতে কাজ করেছেন। এছাড়া তিনি একাধিক হিন্দি ছবিতেও কাজ করেছেন, যেমন এমএস ধোনি, দ্য ডার্টি পিকচার, নো ওয়ান কিল্ড জেসিকা, মিশন রানীগঞ্জ, ইত্যাদি।















