বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। তাঁর সঙ্গে ডিম্পল কাপাডিয়ার সম্পর্ক নিয়ে আজও কৌতূহলের শেষ নেই। ১৯৭৩ সালে বিয়ে করলেও পরবর্তীতে তাঁদের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়। ১৯৮২ সাল থেকে আলাদা থাকলেও তাঁরা কখনও আইনি বিচ্ছেদ নেননি। এবার সেই সম্পর্ক নিয়েই বিস্ফোরক দাবি করলেন রাজেশ খন্নার দীর্ঘদিনের সঙ্গী বলে পরিচিত অনিতা আদবানি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিতা দাবি করেন, রাজেশ খন্না নাকি একবার নয়, প্রায় ১০ বার ডিম্পল কাপাডিয়ার কাছে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। কিন্তু ডিম্পল কোনওবারই তাতে রাজি হননি। অনিতার অভিযোগ, ডিম্পল নাকি শর্ত দিয়েছিলেন—রাজেশ যদি বিচ্ছেদ চান, তবে আগে তাঁর সমস্ত সম্পত্তি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিতে হবে।

 যদিও এই দাবি সম্পূর্ণ অনিতার ব্যক্তিগত বক্তব্য, এ বিষয়ে ডিম্পল কাপাডিয়া বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
অনিতার কথায়, স্বামী-স্ত্রী যদি বছরের পর বছর আলাদা থাকেন এবং সম্পর্ক কার্যত শেষ হয়ে যায়, তাহলে একজন মানুষের জীবনে নতুন কাউকে জায়গা দেওয়াটা অস্বাভাবিক নয়। তিনি দাবি করেন, রাজেশ খন্নার জীবনের শেষের দীর্ঘ সময় তিনি তাঁর পাশে ছিলেন। শুধু সঙ্গী হিসেবেই নয়, অসুস্থতার সময়ও তিনি অভিনেতার দেখাশোনা করেছেন।
উল্লেখ্য, রাজেশ খন্না ও ডিম্পল কাপাডিয়ার দুই মেয়ে—টুইঙ্কল খন্না এবং রিঙ্কি খন্না। আলাদা থাকার পরও তাঁরা আইনিভাবে স্বামী-স্ত্রীই ছিলেন। রাজেশ খন্নার মৃত্যুর পর অনিতা আদবানি আদালতে তাঁদের সম্পর্কের আইনি স্বীকৃতি চেয়ে আবেদন করেছিলেন। তবে সেই আবেদন গ্রহণ করা হয়নি। আদালত জানায়, রাজেশ খন্না ও ডিম্পল কাপাডিয়ার বৈধ বিবাহ বহাল থাকায় অনিতার দাবি আইনত গ্রহণযোগ্য নয়।
রাজেশ খান্নার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তাঁর মৃত্যুর এত বছর পরও সেই সম্পর্ককে ঘিরে নতুন নতুন দাবি সামনে আসছে। তবে অনিতা আডবানির সাম্প্রতিক মন্তব্যের সত্যতা যাচাই করা যায়নি৷