বেশ কয়েকদিন ধরে নেটপাড়ার চর্চায় রয়েছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি ও তাঁর প্রাক্তন স্বামী রাজা চৌধুরী। শ্বেতাকে নিয়ে করা রাজার নানা মন্তব্য নিয়ে আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। এবার শ্বেতার বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজা চৌধুরী। অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন তিনি। 

রাজা দাবি করেছেন যে, 'কসৌটি জিন্দেগি কে' খ্যাত অভিনেতা সিজান খানের সঙ্গেও শ্বেতার সম্পর্ক ছিল এবং সিজান নাকি তাঁর সামনেই এই কথা স্বীকার করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজা চৌধুরী বলেন, "শুধু সিজান খানই নন, শ্বেতার আরও অনেকের সঙ্গেই সম্পর্ক ছিল। আমার মনে হয় ও প্রায় সবার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিল।"

তিনি আরও বলেন, "সেই সময় আমি যা নিজের চোখে দেখেছিলাম, পরে সেটাই সত্যি বলে প্রমাণিত হয়। ও (সিজান খান) যে সময় কাজ করছিল, তখন ওর বাড়িতেই থাকত। এমনকী এক বন্ধুর সামনে শ্বেতা নিজেই স্বীকার করেছিল যে সে সিজানের বাড়িতে যেত। সিজানও আমার মুখের ওপর বলেছিল, 'হ্যাঁ, আমাদের সম্পর্ক আছে। তোমার যদি সাহস থাকে, তবে আমার বাড়িতে এসো।' তখন আমি তাকে বলেছিলাম, আমি কি এখানে বসে তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছি? মূল সমস্যা তো আমাদের সম্পর্কে। কিন্তু শ্বেতা কখনওই এই কথা স্বীকার করেনি।"

নয়ের দশকের শেষের দিকে গাঁটছড়া বেঁধেছিলেন শ্বেতা ও রাজা। তাঁদের সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি এবং ২০০৭ সালে তাঁরা আলাদা হয়ে যান, যদিও তাঁদের আইনি বিচ্ছেদ হয় ২০১২ সালে। রাজা আরও জানিয়েছেন যে, ওই সময়ে শ্বেতার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং খ্যাতির কারণে তাঁদের ব্যক্তিগত সম্পর্কে দূরত্ব বাড়তে শুরু করেছিল। তাঁর কথায়, কেরিয়ারের গ্রাফ উর্ধ্বমুখী হওয়ার পর থেকেই নাকি শ্বেতার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় এবং তিনি নিজের সংসারে কোণঠাসা বোধ করতে শুরু করেছিলেন।