ব্যারাকপুর থেকে আবারও বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন রাজ চক্রবর্তী। মঙ্গলবার, ১৭ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের। সেখানেই জানা গেল, এবারও ব্যারাকপুরে মুখ্যমন্ত্রীর ভরসা পরিচালক। 

ফের নির্বাচনের টিকিট পেয়ে কী প্রতিক্রিয়া রাজের? এবার নির্বাচনী প্রচারেই বা কী ফর্মুলা থাকবে তাঁর, খোঁজ নিল আজকাল ডট ইন। পরিচালক এদিন বলেন, "শেষ পাঁচ বছর ধরে মানুষের সঙ্গে, পাশে ছিলাম। মানুষের যে কোনও সমস্যায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমার এক্তিয়ারের মধ্যে থেকে যত কাজ করার, তার পুরোটাই করার চেষ্টা করেছি। কিছু হয়তো বাকি রয়ে গিয়েছে। সেই নিরিখে আবার মানুষের কাছে পৌঁছব। যাতে আগামী দিনে এই পরিষেবা এভাবেই দিতে পারি।" 

রাজ চক্রবর্তী এদিন আরও বলেন, "মানুষের যে কোনও প্রয়োজনে তাদের পাশে থাকতে পারি যেন। মাননীয়া মুখ্যমন্ত্রী যে এত পরিকল্পনা করেছেন সেটা মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মানুষকে বোঝাব অশুভ শক্তি বাংলায় এলে কী ক্ষতি হতে পারে বোঝাব, মানুষের পাশে থাকব। অশুভ শক্তির সঙ্গে লড়াই করব। কাজের নিরিখে লড়াই হবে।'' 

তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কর্মীদের ধন্যবাদ জানান। বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব। আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, শীর্ষ নেতৃত্বকেও ধন্যবাদ জানাব। আমার দলের প্রত্যেক কর্মী, ব্যারাকপুর বিধানসভার সমস্ত কর্মী যাঁরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ।"

এবার তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে ভরপুর চমক। গতবারের তুলনায় তারকা প্রার্থীর সংখ্যা চোখে পড়ার মতো কম। কে কোথায় প্রার্থী হলেন দেখে নিন। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী ছাড়া কে কোথায় প্রার্থী হলেন জেনে নিন। রাজারহাটে অদিতি মুন্সি থাকলেন বিধায়ক হওয়ার দৌড়ে। তবে উত্তরপাড়া হাতছাড়া হল কাঞ্চন মল্লিকের হাত থেকে। বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হওয়ার দৌড়ে আবারও সামিল থাকলেন। করিমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সোহম চক্রবর্তী। ভাঙ্গর থেকে লাভলি মৈত্র প্রার্থী হলেন। চন্দননগর থেকে তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট পেলেন গায়ক ইন্দ্রনীল সেন।

অন্যদিকে ইমন চক্রবর্তী-সহ এমন আরও একাধিক তারকা টিকিট পেলেন না যাঁদের নাম চর্চায় ছিল। জল্পনা ছিল এই বার পরমব্রত চট্টোপাধ্যায় নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এবং প্রার্থী হবেন, কিন্তু সেটা যে কেবলই রটনা সেটা এদিন স্পষ্ট হয়ে গেল। এমনকী তৃণমূল কংগ্রেসের প্রচার ভিডিওতে অঙ্কুশ হাজরাকে দেখা যাওয়ার পর তাঁরও নাম জল্পনায় ঘোরাফেরা করতে থাকে। কিন্তু তিনিও প্রার্থী হলেন না। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া পার্নো মিত্রও টিকিট পেলেন না।