টলিউডের ইতিহাসের পাতা ওলটালে ১৯৯৮ সালে ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবির কথা মনে পড়তে বাধ্য। আর সেই কাল্ট ছবির নেপথ্যের প্রযোজক ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। কিন্তু ‘বাড়িওয়ালি’-র পর দীর্ঘ ২৬ বছর কেটে গেলেও বাংলা সিনেমায় আর বিনিয়োগ করেননি তিনি। অবশেষে কেটেছে সেই খরা। ২৬ বছরের দীর্ঘ বিরতি ভেঙে ফের টলিউডের ছবিতে লগ্নি করতে চলেছেন অনুপম খের। কলকাতার নামী প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথ প্রযোজনায় আসতে চলেছে ওঁর নতুন বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’।আর এই ছবির নাম ঘোষণার রাজকীয় মঞ্চেই টলিউডের সাম্প্রতিক হালহকিকত নিয়ে এক্কেবারে অকপট ও বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেতা রাহুল বোস।
অনুপম খেরের এই কামব্যাক প্রজেক্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাহুল বোস। ছবির মহরৎ অনুষ্ঠানে আজকাল ডট ইন -এর মুখোমুখি হয়ে টলিউডে ওঁর অনিয়মিত উপস্থিতি নিয়ে সোজাসাপটা তোপ দাগেন অভিনেতা।দীর্ঘদিন কেন বাংলা ছবিতে দেখা যায়নি? এই প্রশ্নের উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাহুল বলেন: “খুব পরিষ্কার জবাব— ভাল ছবির প্রস্তাব না পেলে কেন আমি বাংলা ছবিতে কাজ করব বলুন তো? আর সত্যি কথা বলতে, সাম্প্রতিক সময়ে আমি কোনও বাংলা ছবি দেখিনি। দেখব কোথায়? হ্যাঁ, ওটিটি-তে দেখতে পারতাম। কিন্তু ইদানীং এমন কোনও বাংলা ছবির কথাই আমি শুনিনি, বা আমাকে কেউ এসে বলেনি যে ‘রাহুল, এই বাংলা ছবিটা তোমাকে দেখতেই হবে!’ তাই আমার আর দেখাও হয়ে ওঠেনি।”
ব্যস্ততার কারণে এমনিতেই সিনেমা দেখার সময় পান না জানিয়ে অভিনেতা আরও যোগ করেন, “আমি খুব কম ছবি দেখি। শেষ আন্তর্জাতিক ছবি দেখেছি ‘হ্যামনেট’ আর শেষ ভারতীয় ছবি দেখেছি বিশাল ভরদ্বাজ-শাহিদ কাপুরের ‘ও রোমিও’ । দু-তিন মাসে একটা ছবি দেখার সুযোগ পাই। তবে কলকাতায় কেউ যদি আমাকে সত্যিই কোনও ভাল বাংলা ছবির নাম সাজেস্ট করেন, আমি কলকাতা থেকে মুম্বই ফেরার বিমান সফরের মাঝেই তা দেখে নেব।”
‘শুরু থেকে শুরু’ ছবিটি পরিচালনা করছেন শমিক বন্দ্যোপাধ্যায়। এটি মূলত একটি ‘জেন্টল রোমান্টিক ড্রামা’, যা অত্যন্ত বুদ্ধিমত্তা ও শৈল্পিক ছোঁয়ায় তৈরি হতে চলেছে। ছবির গল্প আবর্তিত হবে সমান্তরাল দুটি ট্র্যাকে— একদিকে থাকবে এক দম্পতির টানাপোড়েন, আর অন্যদিকে থাকবে এক বাবা-মেয়ের নিঃশব্দ সম্পর্কের রসায়ন।পাহাড়ের শান্ত-স্নিগ্ধ ক্যানভাসে এই জটিল সম্পর্কের গোলকধাঁধায় মুখ্য চরিত্রে দেখা যাবে দুই তুখোড় অভিনেতা টোটা রায়চৌধুরী এবং পাওলি দাম-কে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন মেলোডি কিং জিৎ গাঙ্গুলী।
নিজের চরিত্রটি নিয়ে দারুণ উত্তেজিত রাহুল বোস। চরিত্রটি খাতার কলমে যতটা সহজ, পর্দায় রক্ত-মাংসের মানুষ হিসেবে ফুটিয়ে তোলা ততটাই কঠিন বলে মনে করেন তিনি। নিজের চরিত্র খোলসা করতে গিয়ে রাহুল বলেন,“এই ছবিতে আমার চরিত্রটি এই চেনা জগৎ-সংসার ও সম্পর্ক নিয়ে মারাত্মকভাবে মোহভঙ্গ বা ডিসইলিউনেশাল ওঁর ভেতরে একটা চাপা রাগ আছে, একটা অদ্ভুত অন্ধকার আছে। চরিত্রটি পুরোপুরি আনপ্রেডিক্টেবল, তাই আমার কাছে এটা দারুণ ইন্টারেস্টিং লেগেছে। কেরিয়ারে এমন চরিত্রে আমি খুব একটা কাজ করিনি।”
অনুপম খেরের টলিউডে প্রত্যাবর্তন এবং টোটা-পাওলি-রাহুলের মতো পাওয়ারহাউস পারফর্মারদের এক ফ্রেমে আসা— ‘শুরু থেকে শুরু’ যে টলিউডের খরা কাটাতে এক বিরাট বাজি হতে চলেছে, তা বলাই বাহুল্য।















