চেন্নাইয়ের আদিয়ার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তামিল ইন্ডাস্ট্রির প্রযোজক ও পরিচালক কে রাজন। জানা যাচ্ছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে পুরো তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। বহু অভিনেতা, পরিচালক ও প্রযোজক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী ও রাজনীতিবিদ খুশবু সুন্দর সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করে লিখেছেন, 'ভয়াবহ খবর! আমাদের ছবির জগতের প্রিয় মানুষ, প্রযোজক কে রাজনস্যারের মৃত্যুর খবর শুনে মনে ভীষণ ধাক্কা খেলাম। তাঁর এভাবে আত্মহত্যা করাটা খুবই দুঃখজনক। তিনি খুব ভদ্র মানুষ ছিলেন এবং সবসময় সোজাসাপ্টা কথা বলতেন। মনটা খুব খারাপ হয়ে গেল। তাঁর আত্মা শান্তি পাক।'

কে রাজন ‘ব্রহ্মচারীগল’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে কাজ শুরু করেন। পরে ১৯৯১ সালে তিনি ‘নাম্মা ওরু মারিয়াম্মা’ নামের একটি সিনেমা পরিচালনাও করেন। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময়ের কেরিয়ারে তিনি একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা হিসেবে কাজ করেছেন। তাঁর তৈরি জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ডাবলস’, ‘আভাল পাভাম’ এবং ‘নিনাইক্কাতা নালিল্লাই’।

 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অভিনেতা থালাপথি বিজয় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'তামিল ছবির জগতে অনন্য অবদান রাখা গুণী প্রযোজক, পরিচালক ও অভিনেতা কে রাজনের চলে যাওয়ার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত।' 

তিনি আরও লেখেন, 'ছবির জগতের জন্য তাঁর এত বছরের অবদান সবসময় মনে থাকবে। আমি কে রাজনের পরিবার, বন্ধুবান্ধব ও তামিল চলচ্চিত্র জগতের সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'