প্রিয়াঙ্কা চোপড়া ভারতে ফিরেছেন, আর বরাবরের মতোই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’-র শুটিংয়ের ব্যস্ততার মাঝেও প্রিয়াঙ্কা নিজের ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলো শেয়ার করতে ভোলেন না। তবে সম্প্রতি তাঁর একটি ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

 

বলিউডের গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া এখন নিজের আগামী ছবি ‘বারাণসী’-র কাজ নিয়ে ভারতে ব্যস্ত। কাজের ফাঁকে পুরনো দিনের নস্টালজিয়ায় ডুব দিয়ে তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ১৯৯৯ সালের ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এর একটি দৃশ্য। কিন্তু ছবির দৃশ্যটি নয়, বরং প্রিয়াঙ্কার ট্যাগ করার কৌশলেই লুকিয়ে রয়েছে আসল বিতর্ক।

 

 

২৭ বছর পর সঞ্জয় লীলা বনশালির এই কালজয়ী ছবি দেখার পর প্রিয়াঙ্কা সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের একটি স্টিল নিজের স্টোরিতে শেয়ার করেন। ক্যাপশনে তিনি ছবিটির প্রশংসা করলেও, ট্যাগ করার ক্ষেত্রে তিনি শুধু ঐশ্বর্য রাই বচ্চনকেই মেনশন করেছেন। সলমন খানকে ট্যাগ করা থেকে বিরত থেকেছেন তিনি। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক । 

আসলে, বলিউড ইতিহাসের সবথেকে আলোচিত এবং স্পর্শকাতর অধ্যায় হল সলমন ও ঐশ্বর্যের ব্যক্তিগত সম্পর্কের তিক্ত পরিণতি। বিচ্ছেদের পর থেকে তাঁদের দু’জনকে কখনওই একসঙ্গে দেখা যায়নি এবং তাঁরা একে অন্যকে এড়িয়ে চলেন। এমন পরিস্থিতিতে, প্রিয়াঙ্কার এই পোস্টে সলমনকে বাদ দিয়ে ঐশ্বর্যকে ট্যাগ করাকে অনেকেই ‘বুদ্ধিদীপ্ত’ পদক্ষেপ বলছেন, আবার একাংশ প্রশ্ন তুলছেন যে প্রিয়াঙ্কা কি সামগ্রিক পরিস্থিতি না বুঝেই এই পোস্ট করেছেন? আবার নেটপাড়ার একাংশর দাবি, স্রেফ সস্তা প্রচার পেতেই নাকি সলমন-ঐশ্বর্যকে নিয়ে আচমকা এহেন পোস্ট করলেন ‘দেশি গার্ল’।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে দ্বিধাবিভক্ত অনুরাগীরা। কেউ বলছেন, এটি নিছকই এক ‘ফ্যানগার্ল মোমেন্ট’। আবার অনেকের মতে, প্রিয়াঙ্কা কি সলমনকে এড়ানোর জন্য ইচ্ছে করেই এমনটা করলেন? নাকি এটি কেবল একটি অনিচ্ছাকৃত ভুল? যেটাই হোক না কেন, প্রিয়াঙ্কার এই ছোট একটি পদক্ষেপ যে বড় আলোচনার জন্ম দিয়েছে, তা বলাই বাহুল্য।