বিরাট মোড় আসছে স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'-এ। এবার তটিনীর আসল পরিচয় ফাঁস করবে শীতল। ইতিমধ্যেই যে প্রোমো সামনে এসেছে, তা দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শক। দেখা যাচ্ছে, জেলে বন্দি কর্ণ চ্যাটার্জির সঙ্গে দেখা করতে এসেছে শীতল। তবে তার মতলব অন্য। সে এসে কর্ণকে জানায়, তটিনীর যে পরিচয় তাদের সামনে এসেছে সেটা ভুয়ো। সে কোনও ইন্টেলিজেন্স ব্যুরোর সদস্য নয়। ওই নামে ডিপার্টমেন্ট কেউ নেই।
তাহলে তটিনীর আসল পরিচয় কী? সে-ই কি তবে খল নায়িকা? পরশুরামের চোখে ধুলো দিয়ে সে-ই সমস্ত কারসাজি করছে? তটিনীর পরিচয়ের আড়ালে থেকে সে-ই কি দুর্নীতির সঙ্গে যুক্ত? উত্তরের অপেক্ষায় দিন গুনছেন দর্শক। তটিনীর আসল পরিচয় জানার জন্য মরিয়া পরশুরামও।
ক'দিন আগেই ধারাবাহিকে নতুন মোড় এসেছিল। দেখা গিয়েছিল, পরশুরাম তাদের এজেন্সির গোপন অফিসে বসে একটা ভিডিও দেখছে। আসলে সেই ভিডিও তাকে তার সহকর্মীরাই দেখাচ্ছে। ভিডিওতে দেখা যায় তটিনী একটা পার্টিতে এসেছে। সেখানে সে মদ্যপান করছে, ক্রিমিনালদের সঙ্গেও মিশছে! এদিকে, এক ঝলক দেখা যায় তটিনীর দিদি নন্দিনীকেও।
পরশুরাম এই ভিডিও দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, তটিনী কীভাবে এরকম করবে? দশ বছর যে মানুষটার সঙ্গে সে সংসার করেছে তাকে চিনতে এতটা ভুল করল পরশুরাম? তার এসব ভাবনার মধ্যেই পরশুরামের টিম জানায় এই ভিডিওর সত্যতা যাচাই করে তারা দেখেছে, তাতে প্রমাণিত এটা এআই জেনেরেটেড নয়। এই কথা শুনে আরও রেগে যায় পরশুরাম। নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে সহকর্মীদের উপর চড়াও হয়।
এদিকে, এর আগে তটিনীকে বহুবার দর্শক পিস্তল হাতে দেখেছেন। এমনকী পরশুরামের হেড কোয়ার্টারের সঙ্গেও তার যোগাযোগ আছে। প্রথমদিকে দর্শক মনে করেছিল তটিনীও পরশুরামের মতোই পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরতা। কিন্তু গল্পের নতুন টুইস্টে কি তটিনীর অন্য পরিচয় সামনে আসবে? কী হতে চলেছে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
















