জেন-জি প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'বেশ করেছি প্রেম করেছি'। স্কুল জীবনের এক মিষ্টি 'লাভ স্টোরি' নিয়ে এগোচ্ছে এই মেগার গল্প। এতদিন এই ধারাবাহিক সন্ধে সাতটায় সম্প্রচারিত হত। এখন এই মেগার সময় বদলে যাচ্ছে। এক ঘণ্টা এগিয়ে যাচ্ছে 'বেশ করেছি প্রেম করেছি'র। আগামী ৯ মার্চ থেকে সন্ধে সাতটার বদলে সন্ধে ছটায় দেখা যাবে এই ধারাবাহিক। এতদিন এই সময় 'কুসুম' দেখতেন দর্শক মহল। এবার বদলে যাচ্ছে তার সময়ও। 'বেশ করেছি প্রেম করেছি'র স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। কিন্তু কেন এই ওলটপালট? 

আসলে আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। তাই নতুন স্লটেরও প্রয়োজন।‌ সেই জন্য তড়িঘড়ি বদল হল দুই মেগার সম্প্রচারের সময়। 

'বেশ করেছি প্রেম করেছি'। ধারাবাহিকের গল্প এগোচ্ছে দুই স্কুল পড়ুয়া স্বয়ম ও জুঁইকে কেন্দ্র করে! লাজুক স্বভাবের স্বয়ম এক সাধারন পরিবারের ছেলে। মা ছোটবেলাতেই ছেড়ে চলে যাওয়ার পর বাবার স্বপ্নকে বুকে নিয়েই বেড়ে উঠেছে সে। স্বয়মের পৃথিবী তার গান। 

অন্যদিকে, জুঁই বড় হয়ে উঠেছে প্রভাবশালী পরিবারে। তাই স্বভাবতই সে একটু অহংকারী।স্বয়মের সরলতা ভেঙে দেয় জুঁই-এর মনের সব অহংকার! স্বয়মের প্রেমে পড়ে জুঁই। কিন্তু এক ভয়াবহ র‍্যাগিংয়ের শিকার হয়ে স্বয়ম হয়ে ওঠে এক অন্য মানুষ। শ্রেণীভেদ ,পারিবারিক বিরোধ আর অতীতের লুকানো সত্যির মাঝে কোন পরিণতি নেবে স্বয়ম জুঁইয়ের ভালবাসা! স্কুলে পড়া দুটি ভিন্ন মেরুর ছেলে–মেয়ের জীবনের পথ কি কোনওদিন এসে মিলবে এক বিন্দুতে?  

এই প্রশ্নের উত্তর খুঁজতে ধারাবাহিকের আগামী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক। ইতিমধ্যেই সামনে এসেছে এক বড় চমক। স্কুল পড়ুয়া জুঁইয়ের বিয়ে ঠিক করেছে তার জাঁদরেল বাবা! কিন্তু বিয়েতে কিছুতেই রাজি নয় জুঁই। তাই সে ঠিক করে, বিয়ের দিনই মণ্ডপ ছেড়ে পালাবে। জুঁইয়ের প্ল্যানে সাথ দেয় তার ঠাম্মি। কারণ, সে-ও চায় না এইটুকু বয়সেই জুঁইয়ের বিয়ে হোক। এদিকে, বিয়ের দিন হুলস্থুল কাণ্ড ঘটে। স্বয়মকে ডেকে পাঠায় জুঁই।‌ তাকে পালাতে সাহায্য করে স্বয়ম। বিয়ের কনের বেশে বাড়ি থেকে পালিয়ে স্বয়মের কাছে যায় জুঁই। সে এতদিনে স্বয়মকে মনের কথা জানিয়ে দিয়েছে।

কিন্তু স্বয়মের থেকে জুঁইকে আলাদা করার জন্য উঠেপড়ে লেগেছে জুঁইয়ের বাবা। এত বাধা পেরিয়ে তাদের প্রেম কি পরিণতি পাবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।