বর্তমানে বড়পর্দা বা ওয়েব সিরিজ থেকে ছোটপর্দায় অভিনেতা, অভিনেত্রীদের ফেরার একটা হিড়িক দেখা যাচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার। বহুদিন পর দর্শক আবারও তাঁকে ছোটপর্দায় দেখতে চলেছেন। কোন ধারাবাহিকে আসছেন তিনি? অভিনয় করবেন কোন ভূমিকায়? 

না, কোনও ধারাবাহিকে আসছেন না পায়েল। বরং দেখা যাবে একটি রিয়েলিটি শোতে। সান বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ অংশ নেবেন তিনি। 

মহিলাদের নিয়ে সান বাংলায় শুরু হয়েছিল 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। এই শোয়ের জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নব রূপে, নব সাজে, আরও বড়ভাবে এখন দেখা যাচ্ছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। তবে ১ ফেব্রুয়ারি থেকে এই শো সন্ধ্যা ৬টার বদলে ৭টা থেকে দেখা যাচ্ছে। দেখতে দেখতে সিজন ২-এর মাসিক ফিনালে চলে এল! আর সেই পর্বে উপস্থিত থাকবেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। 

ফেব্রুয়ারি ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি পায়েল। তিনি বলেন, "আমি শোটা মাঝে মধ্যেই দেখি। শোয়ের লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হয়েছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। সমস্ত বাংলার মানুষ এখন এই শোটা দেখে, এত মানুষের কাছে পৌঁছে গিয়েছে দেখে খুবই ভাল লাগছে।"

সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর হবে। ফিনালের বিজয়িনী পাবেন ২ লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেই সব গল্প শুনবেন পায়েল। শুধু শুনবেন না গল্প, থাকবে পায়েলের পারফরম্যান্সও। জনপ্রিয় 'প্রেম আমার', 'জাগে রে', ইত্যাদি গানের সঙ্গে নেচে সবাইকে মাতিয়ে দেবেন পায়েল।  এই বিশেষ পর্ব দেখা যাবে ২৮ ফেব্রুয়ারির সন্ধে ৭টায় সান বাংলায়। 

বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এখন পাঁচ রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার।  প্রতি পর্বে এখন থেকে তিনজনের বদলে চারজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না। নতুন এই ফরম্যাটে যুক্ত হয়েছে নতুন একটা খেলা। 'টাকার খনি', 'বল ফেলতে টাকা কুলো' এমন সব মজার খেলার সঙ্গে এখন খেলা হয় 'টাকার গদি'।  গোটা শোটি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম যেন। মহিলাদের স্বনির্ভর হওয়ার ইচ্ছেকে আরও জোরাল করতেই সান বাংলার এই  উদ্যোগ। এই শো সঞ্চালনা করতে করতে জীবন সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই বদলে গিয়েছে বলে বারবার জানিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি অনেকবার বলেছেন এত মহিলার লড়াইয়ের গল্প শুনতে শুনতে নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা তিনি বন্ধ করে দিয়েছেন। 

মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকারা। গল্প, আড্ডায় জমে ওঠে তারকাদের নিয়ে সেই পর্ব। তারকারা অবশ্য সব টাকা নিয়ে যান না। তাঁদের টাকা নিয়েই তৈরি হয়েছে "লক্ষ্মী ব্যাঙ্ক"। এবারে 'লক্ষ্মী ব্যাঙ্ক'-এর টাকা থেকে  কয়েকজন লড়াকু মা লক্ষ্মীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে টাকা যাতে তাঁরা তাঁদের স্বপ্নপূরণের দিশা খুঁজে পান। মানুষের বিপুল চাহিদার জন্য এই শো এখন টানা  দেড় ঘন্টার।