স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'-এ আসছে বিরাট চমক। বরাবরই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলে এই মেগায়। আর এবার গল্পের মোড়ে আসছে আরও নতুন মোড়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, একদিকে পুরনো শত্রুর মুখোমুখি পরশুরাম, অন্যদিকে তটিনীও নতুন বিপদের জালে। 'পরশুরাম'-এর সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, অতীতের মুখোমুখি সে। সত্যি খুঁজে বের করতে গিয়ে সে বুঝতে পারে বিজিত রয়েছে এই ষড়যন্ত্রের পিছনে।
বিজিতকে এমনই সন্দেহের তালিকায় রেখেছে পরশুরাম। তটিনীও তাকে অপরাধীর চোখেই দেখে। সেই বিজিতের পুরনো এক কাণ্ড এবার পরশুরামের সামনে। বিজিতকে উপযুক্ত শাস্তি দেবে বলে উঠেপড়ে লাগে পরশুরাম। অন্যদিকে, বিজিতও তৈরী হয় তার মুখোমুখি হওয়ার জন্য।
গল্পের অন্য পিঠে দেখা যায় তটিনী ঘোর বিপদে। তটিনীকে মাদকচক্রের সঙ্গে যুক্ত বলে গ্রেফতার করা হয়। কিন্তু এটা নিছকই তার একটা চাল। কারণ, গ্রেফতারের পরেই পরশুরামদের হেড অফিসে দেখা যায় তটিনীকে। সে নতুন মিশনের কথাও জানায়। কোন মিশনের প্রস্তুতি নিচ্ছে তটিনী? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।
কিছুদিন আগে গল্পে দেখা গিয়েছিল কুসুমপুরে একটি গোপন মিশনে এসেছে পরশুরাম। তবে কীসের খোঁজে? একটি ভগ্নপ্রায় বাড়িতে গিয়ে সমস্ত জিনিস ঘেঁটে দেখে সে। সেখানেই একটি ছবি খুঁজে পায়। বোঝে যার খোঁজে এসেছিল সে আসলে তার বোন! তটিনীকে ফোন করে পরশুরাম জানায় শিবানী আসলে তার বোন। কিন্তু কীভাবে কারা তাকে খুন করেছিল জানতে পারবে কি?
এই প্রশ্নের খোঁজে স্থানীয় থানায় যায় পরশুরাম। সেখানে গিয়ে শোনে শিবানীর নাকি চরিত্র ভাল ছিল না। বোনের বিষয়ে এই তথ্য জেনে ক্ষেপে যায় পরশুরাম। তার খুনের নেপথ্যে আসলে কী বা কারা সে কি আদৌ খুঁজে বের করতে পারবে, নাকি অন্য কোনও বিষয় জানতে পারবে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। এই পর্বগুলো দেখে এখন দারুণ খুশি দর্শক। তাদের মতে গল্প এবার আরও জমে উঠেছে। আগের মতোই থ্রিলারের টান ফিরে এসেছে। এদিকে, তটিনীর পরিচয়ও এতদিনে সবার সামনে এসেছে। পরশুরাম ও তটিনী মিলে এখন রহস্য সমাধানে তৎপর। কিন্তু পরশুরামের অতীতের সঙ্গে তটিনীর কি কোনও যোগ আছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।
প্রসঙ্গত, এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। 'পরশুরাম' প্রতিদিন রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা।
















