তটিনীকে নিয়ে আগে থেকেই সন্দেহ জেগেছিল দর্শকের মনে। তবে এবার গল্পের নতুন টুইস্ট সব হিসাব এলোমেলো করে দেবে। বিরাট মোড় আসছে স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'-এ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, পরশুরাম তাদের এজেন্সির গোপন অফিসে বসে একটা ভিডিও দেখছে। আসলে সেই ভিডিও তাকে তার সহকর্মীরাই দেখাচ্ছে। ভিডিওতে দেখা যায় তটিনী একটা পার্টিতে এসেছে। সেখানে সে মদ্যপান করছে, ক্রিমিনালদের সঙ্গেও মিশছে! এদিকে, এক ঝলক দেখা যায় তটিনীর দিদি নন্দিনীকেও।
পরশুরাম এই ভিডিও দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, তটিনী কীভাবে এরকম করবে? দশ বছর যে মানুষটার সঙ্গে সে সংসার করেছে তাকে চিনতে এতটা ভুল করল পরশুরাম? তার এসব ভাবনার মধ্যেই পরশুরামের টিম জানায় এই ভিডিওর সত্যতা যাচাই করে তারা দেখেছে, তাতে প্রমাণিত এটা এআই জেনেরেটেড নয়। এই কথা শুনে আরও রেগে যায় পরশুরাম। নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে সহকর্মীদের উপর চড়াও হয়।
এদিকে, এর আগে তটিনীকে বহুবার দর্শক পিস্তল হাতে দেখেছেন। এমনকী পরশুরামের হেড কোয়ার্টারের সঙ্গেও তার যোগাযোগ আছে। প্রথমদিকে দর্শক মনে করেছিল তটিনীও পরশুরামের মতোই পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরতা। কিন্তু গল্পের নতুন টুইস্টে কি তটিনীর অন্য পরিচয় সামনে আসবে? কী হতে চলেছে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
এই রহস্যময় পর্ব ১৯ থেকে ২১ এপ্রিল তিনদিন দেখানো হবে, রাত আটটায় স্টার জলসার পর্দায়। বরাবরই 'পরশুরাম'-এর জনপ্রিয়তা দর্শক মহলে ব্যাপক। টিআরপি তালিকাতেও তার প্রভাব দেখা যায়। আসলে রগরগে রোম্যান্স থেকে শুরু করে সাংসারিক কলহ, কোনওটাই এই ধারাবাহিকে দেখা যায় না। বদলে দেখা যায় টানটান উত্তেজনাপূর্ণ পর্ব। রোজই নতুন কিছু দেখার সুযোগ মেলে দর্শকের। চেনা ছকের বাইরে এই ধারাবাহিক তাই এত জনপ্রিয়। এবার এই নতুন টুইস্ট কতটা নজর কাড়ে দর্শকের এখন সেটাই দেখার।















