মোড় ঘোরানো মুহূর্ত আসছে স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'-এ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেই প্রোমো দেখে আতঙ্কে আছেন ধারাবাহিকের অনুরাগীরা। দেখা যাচ্ছে, বিপদে পরশুরাম! পরশুরামকে শেষ করতে শত্রুরা প্ল্যান করছে। একটা গ্রামে তাঁর মরণফাঁদ পাতা রয়েছে। আর পরশুরামের এই মৃত্যুর চক্রান্তের মূলে রয়েছে তটিনীই! 

তটিনীর সামনেই পরশুরামকে মেরে ফেলার ছক কষা চলছে। আর সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সে‌। এই ভয়াবহ দৃশ্য দেখে অবাক হয়েছেন দর্শক। কীভাবে স্বামীকে মেরে ফেলবে তটিনী? এত বছরের সম্পর্ক, ভালবাসা তাহলে সবকিছুই মিথ্যে? অনেকেই আবার মনে করছেন এই মহিলা হুবহু তটিনীর মতো দেখতে, আসলে সে তটিনী নয়। এরকমই বিভিন্ন প্রশ্ন-উত্তরের পালা চলছে নেটপাড়ায়। 
তটিনীর চালচলনের উপর অনেকদিন আগে থেকেই নজরদারি চালাচ্ছিল পরশুরাম। সে বুঝতে পারছিল তার অজান্তে তটিনী গোপন পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার পরশুরামের সব সন্দেহ সত্যি হল। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল বিজিত লাহিড়ী তটিনীর বোনকে কিডন্যাপ করে পালাচ্ছিল। আর ঠিক সেই সময় পরশুরামের টিম তাদের পিছনে ধাওয়া করে। 

ঠিক এরপরেই আসে বিরাট চমক। বিজিতদের সামনে এসে দাঁড়ায় একটা বড় গাড়ি। আর সেই গাড়িতে বসে তটিনী। তবে তটিনীর এই লুক দেখে তাকে যেন চেনাই যাচ্ছে না। তটিনী, বিজিতদের তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে। বিজিতরাও প্রথমে অবাক হলে পরে তার গাড়িতে উঠে পালায়। চোখের সামনে তটিনীর এই কাজ দেখে অবাক হয়ে যায় পরশুরাম। প্রথমে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারে না সে। তটিনীর আসল পরিচয় জানতে যেন এবার আরও মরিয়া সে। এর মধ্যেই শত্রুদের জালে পা দিতে চলেছে পরশুরাম! শেষমেশ শত্রুদের চক্রান্তে কী হাল হবে তার? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।