'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি প্রায় ত্রিশ বার টিআরপি টপার হতে চলল শুরু হওয়ার পর থেকে। এই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই, যে প্রতি সপ্তাহেই অদম্য থাকছে অন্যান্য সমস্ত ধারাবাহিকের কাছে। আর সেটার সঙ্গে গল্পেও আসছে একের পর এক চমক। এবার গল্পকে আরও জমজমাট করে তুলতে ভুল বোঝাবুঝি তৈরি হবে পরশুরাম এবং তটিনীর মধ্যে?
সদ্যই চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তটিনীর কাছে একটি ফোন এসেছে। সেখান থেকেই নায়িকা জানতে পারে বিজিত লাহিড়িকে স্পেশ্যাল ব্রাঞ্চের অফিসাররা বেরিয়ে গিয়েছে। এতেই দুইয়ে দুইয়ে চার করে তটিনী অনুমান করে পরশুরাম তাকে ধরিয়ে দেবে। পরশুরাম যে ওকে এভাবে ঠকাতে পারে সেটা বিশ্বাস করে উঠতে পারে না তটিনী। ভীষণ ভেঙে পড়ে। এরপরই দেখা যায় একটি রিকশা চড়ে পরশুরামের সঙ্গে তটিনী কোথাও যাচ্ছে। আর তখনই একটি গাড়ি তাদের ফলো করতে শুরু করে। এটা দেখে নায়িকা পরশুরামকে বলে সে কথা। জানায় কেউ তাদের ফলো করছে। যদিও সবটা জানার পরেও এটা নিছক স্ত্রীর মনের ভুল বলে কাটিয়ে দেয় পরশুরাম। তবে গাড়িতে দেখা যায় স্পেশ্যাল ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন বিজিতকে সঙ্গে নিয়ে।
আরেকটি প্রোমো প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের। সেখানে দেখা যাচ্ছে একটি ঘরে কাছাকাছি দাঁড়িয়ে আছে পরশুরাম আর তটিনী। নায়িকা বরকে জড়িয়ে ধরে, জানতে চায় সে তাকে কখনও ছেড়ে চলে যাবে কিনা। জবাবে না বলে পরশুরাম। তাও অনুরোধ করতে থাকে নায়িকা যাতে তাকে ছেড়ে না যায় পরশুরাম। হাত না ছেড়ে দেয়। এরপরই দেখা যায় তটিনীকে কোলে তুলে নিয়েছে পরশুরাম। আর নায়িকা তাকে জিজ্ঞেস করছে, পরশুরাম তাকে এখনও এত ভালবাসে? কখনও ক্ষতি হতে দেবে না তো? এরপরই সে অনুরোধ করে লাট্টুকে ফিরিয়ে দেওয়ার। শেষ পর্যন্ত গল্পে কী ঘটে সেটাই দেখার। লাট্টু কি আদৌ ফিরবে? নাকি তটিনীকে ধরিয়ে দেবে পরশুরাম? জবাব আগামী পর্বে পাওয়া যাবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, শেষ টিআরপিতেও লিস্টে সবার প্রথমেই ছিল 'পরশুরাম আজকের নায়ক'। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি প্রতিদিন রাত ৮টা থেকে সম্প্রচারিত হয়।
