সম্প্রতি নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর প্রথম ডেটের স্মৃতি শেয়ার করেছেন। তিনি জানিয়েছিলেন এটা ছিল 'গ্রুপ ডেট'। নিক 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট' এর লাইভ কনসার্টে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ প্রিয়াঙ্কা তার প্রিয় বন্ধুকে নিয়ে আসতে চেয়েছিলেন৷ নিক তার বড় ভাই কেভিন জোনাস এবং অন্য এক দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
নিক বলেন, "শোতে আমাদের সবচেয়ে ভালো সময় কেটেছে। আমরা কোথাও খেতে গিয়েছিলাম এবং জো জানতেন যে আমি এই ডেটটি নিয়ে সত্যিই উত্তেজিত.'' কেভিন যখন নিককে উত্তেজিত করার চেষ্টা করছিলেন, তখন প্রিয়াঙ্কা তাকে বলেছিলেন " তোমার ভাই তোমাকে বিরক্ত করছে।' নিক জানান, "সে রাতে আমরা একে অন্যকে চুম্বন করেছিলাম"।
প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য ব্লাফ'-এর প্রচারে ব্যস্ত ছিলেন। একটি পডকাস্টে নিকের লেখা প্রেমপত্র পাঠ করা হয়৷ তাই শুনে প্রিয়াঙ্কা আবেগপ্রবণ হয়ে পড়েন৷
তাঁদের অসমবয়সী প্রেম নিয়ে এককালে কম চর্চা হয়নি৷ নিক জোনাস- প্রিয়াঙ্কা চোপড়ার বয়সের ব্যবধান এক দশকের৷ ১০ বছর বড় প্রিয়াঙ্কাকে ভালবেসে বিয়ে করলেও এই বিয়ে টিকবে কি না তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন সেই সময়৷ কিন্তু বাস্তবে গুণের জন্য স্বামী নিক মুগ্ধ।
আমেরিকান পপ তারকা লিখেছেন, "আমার প্রাণ! তুমি মানুষ হিসাবে যেমন, তা দেখে আমি সত্যিই মুগ্ধ৷ তুমি কত বড় মাপের তারকা, বিশ্বজোড়া বিপুল খ্যাতি, শুধু সেই কারণে আমি মুগ্ধ নই৷ আমি মুগ্ধ কারণ একজন মা, একজন মেয়ে এবং একজন স্ত্রী হিসাবে তুমি যেমন, সেই দেখেই আমি বারবার মুগ্ধ হই৷ প্রতিদিনের জীবনে যে ইতিবাচক মনোভাব তোমার তার জন্য আমি মুগ্ধ। বাইরে থেকে সকলেই তোমাকে দেখেন, কিন্তু আমি তোমাকে দেখি একান্তে নিভৃতে৷ তোমার অসীম ধৈর্য। অন্যের কথা মন দিয়ে শোনার এমন এক অদ্ভুত ক্ষমতা তোমার আছে যা বক্তাকে নিশ্চিন্ত আশ্রয় দেয়৷ তোমার বহুগুণের মধ্যে আমার সব থেকে পছন্দ তুমি কখনও কারও খুঁত খুঁজে বার করো না। বরং, প্রতিটা মানুষের মধ্যে থাকা ভাল গুণের দিকে মনোনিবেশ করো৷ তুমি আদতেই একজন লড়াকু মানুষ৷ বিগত আট বছরে সিনেমা থেকে ব্যক্তিজীবনের নানা বদলে এমন অনেক প্রতিকূল পরিস্থিতি এসেছে যেখানে অন্য কেউ হলে ভেঙে পড়ত৷ কিন্তু তুমি তোমার মধ্যেকার অন্তর্শক্তি দিয়ে আমার চারপাশ আলোকিত করেছ৷ উপরে উঠলেও আজও তুমি শিকড়কে ভুলে যাওনি৷ তোমাকে নিয়ে আমি এবং আমাদের কন্যা মালতী দু'জনেই গর্বিত৷ আমরা তোমার সঙ্গে আছি। তোমার সঙ্গে জীবনযাপনে যে অপার শান্তি, তা আমি ভাষায় প্রকাশ করতে অক্ষম৷ জীবনে যে সমস্যাই আসুক আমরা একসঙ্গে লড়াই করে নেব৷ তোমার প্রতি আমার অনন্ত ভালবাসা৷ "
চিঠির শেষ দিকে প্রিয়াঙ্কার চোখ চিকচিক করে উঠছে৷ তারকা থেকে সাধারণ মানুষ, স্বামী-স্ত্রীর দাম্পত্যকলহ যেভাবে চোখে পড়ে, আজকের ব্যস্ত দুনিয়ায় ভালবাসা ততটা প্রকাশ পায় না৷ নিক-প্রিয়াঙ্কা যেন দেখালেন ভালবাসা থাকলে শত যুদ্ধ জেতা যায় অনায়াসে।
