টলিপাড়ায় বাড়ছে কাজের সুযোগ। আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম। ‘সব সময়’-এর হাত ধরে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ সিরিজ থেকে সিনেমা। মউ স্বাক্ষরিত হয়েছে মেল মুভিস এন্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড (এমইএল)-এর সঙ্গে। যার মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রির টেকনিয়ানদের কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ফেডারেশন।
টলিপাড়ার এই সুখবর দিয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, করোনা পরবর্তীকালে ইন্ডাস্ট্রির কলাকুশলীদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়েছিল ফেডারেশন। সেই উদ্দেশ্যে কিছুদিন আগে ক্লিক ওটিটি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়। এবার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে নতুন চুক্তি হল মেল মুভিস এন্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের। প্রদীপ চুরিওয়ালের এমইএল সংস্থার গাঁটছড়া বেঁধে টলিউডকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে ফেডারেশন।
‘সব সময়’ প্ল্যাটফর্মে ২৫টি কনটেন্ট থাকবে অর্থাৎ প্রায় ১২৫ থেকে ১৩০টি এপিসোডের শুটিং হবে। প্রতি এপিসোডের শুটিংয়ের খরচ যদি পাঁচ লক্ষ টাকার কম হয় তাহলে ১৮ থেকে ২১ জন টেকনিশিয়ান নেওয়া যাবে। অর্থাৎ কম টেকনিশিয়ানে কাজের সুযোগ মিলবে বলে জানান স্বরূপ বিশ্বাস। তাঁর কথায়, “যদি বাজেট পাঁচ লক্ষের বেশি হয় তাহলে ৩৮ থেকে ৪২ জন টেকনিশিয়ান কাজ করবেন। ১২৫ থেকে ১৩০ এপিসোড যদি ধরা হয় তাহলে প্রতি এপিসোডে প্রায় ২০ জন কাজ করলে গড়ে প্রায় ২,৬০০ জন টেকনিশিয়ান কাজের সুযোগ পাবেন।
একইসঙ্গে ৮ ঘণ্টার শিফট বাড়ানো হয়েছে বলে জানান ফেডারেশন সভাপতি। সঙ্গে আগামী দিনে টেকনিশিয়ানদের আরও কাজের সুযোগ বাড়ানোর আশ্বাস দেন তিনি। সঙ্গে বলেন, "ইতিমধ্যে ৩৩ শতাংশ সিনেমার মজুরি এবং সিরিয়ালে ৩১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সিরিয়ালের সংখ্যাও ধীরে ধীরে আরও বাড়ছে।"
