সংবাদসংস্থা, মুম্বই: বছরের শুরুতেই তাক লাগিয়ে দিলেন মনোজ বাজপেয়ী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর সিক্স প্যাক অ্যাবস।
২০২৪ এর প্রথম দিনেই বড় শার্টলেস ছবি পোস্ট করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন অভিনেতা। তাঁকে  পরবর্তীতে "কিলার স্যুপে" দেখা যাবে। সেই সুবাদেই নিজেকে নতুন করে গড়েছেন "দ্য ফ্যামিলি ম্যান" অভিনেতা। তারই এক ঝলক তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। শার্টলেস ছবি পোস্ট করে ৫৪ বছর বয়সী অভিনেতা ক্যাপশনে লেখেন, "নতুন বছর নতুন আমি! দেখুন স্যুপ খেয়ে কীরকম শরীর তৈরি করেছি। একদম কিলার তাই না?!""
পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। অনুরাগীরা মন্তব্য বিভাগে ফায়ার ইমোজি দিয়ে ভরিয়েছেন। সকলেই অভিনেতার চমকপ্রদ রূপান্তরের প্রশংসায় পঞ্চমুখ।
অভিনেতা ও কমেডিয়ান সুনীল গ্রোভার মন্তব্য করেছেন, "আপনি তো ইন্টারনেটে আগুন লাগিয়ে দিলেন।" অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ তাঁকে বলেছেন ‘ছুপা রুস্তম।" এছাড়াও, অপারশক্তি খুরানা, রাজেশ তাইলাং, দর্শন কুমার, ডাব্বু রত্নানি, সানি হিন্দুজার মতো আরও বেশ কয়েকজন সেলিব্রিটি মনোজের  প্রশংসা করেছেন।
"স্যার কী বডি ! আমি ভাবছি আপনি কী  খেয়েছেন," এরকম মন্তব্য করে অনেকেই জানতে চেয়েছেনঅভিনেতার স্পেশ্যাল ডায়েট। আরেকজন ঠাট্টা করে বলেছেন, "আমি জানতাম তো আপনার শার্টের নিচে এগুলো আছে!"
"কিলার স্যুপ" ১১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন, কঙ্কণা সেনশর্মা। অভিষেক চৌবে পরিচালিত, কমেডি ক্রাইম-ড্রামাটি একটি সংবাদ শিরোনাম দ্বারা অনুপ্রাণিত। এবং ষড়যন্ত্র এবং গাঢ় হাস্যরসের একটি মজাদার মিশ্রণ।