'মুন্নাভাই' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবির কথা পরিচালক রাজকুমার হিরানি নিজেই ঘোষণা করেছেন। কিন্তু যাঁকে নিয়ে এই ছবি, সেই 'মুন্নাভাই' ওরফে সঞ্জয় দত্ত এবং 'সার্কিট' অর্থাৎ আরশাদ ওয়ার্সি থাকছেন না? তাঁদেরই বাদ দিয়ে দিয়েছেন পরিচালক? কী জানা গেল?
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আরশাদ ওয়ার্সিকে দাবি করতে দেখা যাচ্ছে, তাঁকে এবং সঞ্জয় দত্তকে 'মুন্নাভাই ৩' থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নিয়েই এই ছবির পথচলা শুরু হয়েছিল। তাঁরাই ফ্র্যাঞ্চাইজিটা গড়লেন, এখন ছবির নির্মাতারা তাঁদের দুজনকে সরিয়ে নতুন দুজনকে নিয়েছেন। কিন্তু বিষয়টা কি সত্যি? এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তিনি জানিয়েছেন এটি সম্পূর্ণ ডিপ ফেকের সাহায্যে বানানো। বিষয়টা একদম সত্যি না। আর এই বিষয় নিয়েই তাঁদের আসন্ন সিরিজ 'প্রীতম অ্যান্ড পেডরো'।
প্রসঙ্গত, 'মুন্নাভাই ৩' প্রসঙ্গে আরশাদ ওয়ার্সি সম্প্রতি জানিয়েছেন এতদিন এই ছবি হওয়ার কোনও সম্ভাবনা ছিল না। তবে বর্তমানে রাজকুমার হিরানি ছবিটি নিয়ে কাজ করছে। ফলে হয়তো শীঘ্রই শুটিং শুরু হবে বা আপডেট পাওয়া যাবে।
প্রসঙ্গত, অতীতে 'মুন্নাভাই এমএমবিএস' এবং 'লাগে রাহো মুন্নাভাই' ছবি দু'টো মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। আর দু'টোই ব্লকবাস্টার হিট।
বলিউডের প্রথম সারির তথা জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। যিনি ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘৩ ইডিয়টস’ এবং ‘পিকে’-র মতো ব্লকবাস্টার ও হৃদয়স্পর্শী সিনেমা উপহার দিয়েছেন, তিনি এবার পা রাখতে চলেছেন ওটিটি অর্থাৎ স্ট্রিমিং দুনিয়ায়। ‘জিওহটস্টার’-এর সঙ্গে হাত মিলিয়ে হিরানি নিয়ে আসছেন ওটিটি প্ল্যাটফর্মে ওঁর জীবনের প্রথম লং-ফরম্যাট সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’। এই সিরিজের প্রযোজনা করেছেন তিনি। মুখ্য ভূমিকায় রয়েছেন বিক্রান্ত ম্যাসি।
















