ছোটপর্দার অতি পরিচিত মুখ তিনি। একের পর এক হিট ধারাবাহিকে কাজ করেছেন। 'রাজযোটক', 'এই পথ যদি না শেষ হয়', ইত্যাদির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিক আপাতত তাঁর শেষ বাংলা ধারাবাহিক। বর্তমানে বম্বেতে রয়েছেন অভিনেত্রী, সেখানেই চুটিয়ে কাজ করছেন। কথা হচ্ছে অভিনেত্রী মিশমি দাসের। এখন দর্শক তাঁকে 'পরশুরাম' ধারাবাহিকের হিন্দি ভার্সনে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এর মধ্যেই নতুন অফার পেলেন?
সম্প্রতি জল্পনা রটে বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী' -এর যে হিন্দি ভার্সন চলছে সেখানে নাকি দেখা যাবে মিশমি দাসকে। এই খবরের সত্যতা যাচাই করতে অভিনেত্রীকে আজকাল ডট ইনের তরফে ফোন করা হলে তিনি বলেন, "হ্যাঁ। খবরটা সত্যি। আমি 'জগদ্ধাত্রী' -তে যোগ দিলাম।" কোন চরিত্রে দেখা যাবে মিশমিকে? এই বিষয়ে তিনি বলেন, "আমি জগদ্ধাত্রী এবং শিবায়ের সিনিয়র অফিসার হিসেবে জয়েন করছি। শিবায়, মানে যে হিরো তাঁর সঙ্গে একটা প্রেমের অ্যাঙ্গেলও থাকবে।"
একসঙ্গে দু'টো হিন্দি প্রজেক্ট, অভিজ্ঞতা কেমন? অভিনেত্রী বলেন, "পরশুরামের হিন্দিতেও কাজ করছি। আর এখন এটা। দু'টোই করছি আপাতত একসঙ্গে। খুবই ভাল অভিজ্ঞতা। প্রতিটি অভিনেতাই বম্বের মতো জায়গায় কাজ করতে চান। সেখানে একসঙ্গে এতগুলো ভাল সুযোগ পেয়ে, আমি খুবই কৃতজ্ঞ। দেখা যাক, কেমন হয়।"
প্রসঙ্গত মিশমি দাস অতীতেও একাধিক হিন্দি প্রজেক্টে কাজ করেছেন। ফলে হিন্দি হোক বা বাংলা, দুই ইন্ডাস্ট্রির ছোটপর্দায় যে তিনি জমিয়ে কাজ করছেন, এবং অতি পরিচিত মুখ সেটা বলার অপেক্ষা রাখে না। সিরিয়াল ছাড়া, তিনি বেশ কয়েকটি সিরিজ এবং সিনেমাতেও কাজ করেছেন।
















