'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে মৈনাকের সঙ্গে গোরার বোনের বিয়ে হয়েছে। সে শাশুড়ি এবং বোনের সঙ্গে শ্বশুর বাড়ি গিয়েছে। এদিকে নতুন সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে এলা। অতীতের কোন পর্দা ফাঁস করবে সে?
এদিন 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এলা তার শাশুড়ি এবং কাকিশাশুড়ির সঙ্গে মন্দিরে এসেছে। তাদের কুলদেবীর মন্দিরে এসে সবটা ঘুরে দেখে এলা।
একই সঙ্গে, সেই সময় নিজেই নিজেকে মনে মনে বলতে থাকে গোরার বাবা কখনই খুনি হতে পারে না। সে মাটির মানুষ। তখনই এলার মনে হয় যে, হতে পারে তার শ্বশুরকে কেউ ফাঁসাচ্ছে। সে সেই সময়ই শাশুড়িকে জিজ্ঞেস করে কী করে গোরার মা এবং মৈনাকের বাবা মারা যায়। একই সঙ্গে, নিজেকে কথা দেয় অতীতের কিছু জট সে ছাড়াবেই। জানবে কী ঘটেছিল আসলে।
এলা যখন নিজের মনের দোলাচল নিয়ে ব্যস্ত সেই সময়ই মৈনাকের মা সেই মন্দিরের পুরোহিতের সামনে প্রণামের ভঙ্গিতে বসেছিল। তাকে দেখেই খুনি বলে চেঁচিয়ে ওঠে পুরোহিত। তবে কি গোরার মা এবং মৈনাকের বাবাকে হত্যা সেই করেছে? নাকি লুকিয়ে আছে আরও কোনও বড় রহস্য? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। তবে এই ঘটনার সঙ্গে যে এই গল্পের মোড় আরও টানটান হতে চলেছে সেটা স্পষ্ট।
https://www.instagram.com/reels/DVdEjn7iXBS/
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে সদ্যই দেখানো হয়েছে, মৈনাক বিয়ে করে এসেছে। কাকে? গোরার বোনকে। আর সেই ঘটনার পর বিরক্ত এবং নায়কের পরিবার। তারা চায় মৈনাক এবং মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু এলা তাতে বাধা দেয়। জানায় এই বাড়িতে থাকলে মৈনাককে চোখে চোখে রাখতে পারবে। সে কোনও বড় পদক্ষেপ নিতে পারবে না, বা ভুল করতে পারবে না। যদিও তাতে তার শ্বশুর আপত্তি জানায়। এমন সময় গোরাদের বাড়িতে এন্ট্রি নেয় মৈনাকের মা। জানায় যেহেতু মৈনাকের সঙ্গে সেই বাড়ির মেয়ের বিয়ে হয়ে গেছে সে নিজের শ্বশুর বাড়ি যাবে। এবং এক কাপড়ে বাপের বাড়ির ঋণ শোধ করে দিয়েই যাবে। বলে ছেলে বউমাকে নিয়ে হাঁটা দেয়।
এই বিষয়ে এও জানিয়ে রাখা ভাল, গল্প দেখে এটুকু স্পষ্ট মৈনাক এলা এবং গোরার মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল সেটা মিটেছে। এবার অভিমানের পালা সরিয়ে খুনসুটির মধ্যে দিয়ে কাছে আসছে। যদিও সেটা কতটা সম্ভব হয় নতুন চক্রান্তের মাঝে সেটাই দেখার।
'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।
