সংবাদ সংস্থা মুম্বই: ২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানিকে নিয়ে শুরু হয়েছিল বলিউডের এক নতুন ঘরানার মজার ছবি— আরও ভাল করে বললে অ্যাডাল্ট কমেডি। ছবির নাম মস্তি।  পরকীয়া নিয়ে বুনো হাস্যরসের সেই প্রথম ঝলকই বক্স অফিসে বাজিমাত করে দেয়। ছবিতে অজয় দেবগণ-ও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবির বক্স অফিস সাফল্যের পর তারপর একে একে আসে 'গ্র্যান্ড মস্তি' আর 'গ্রেট  গ্র্যান্ড মস্তি'। ধীরে ধীরে মস্তি সিরিজ হয়ে ওঠে বলিউডের অ্যাডাল্ট-কমেডি জগতের অন্যতম নাম।

 

আর এবার ২০২৬-এ আসছে ‘মস্তি ৪’।  কিন্তু চেনা ফর্মুলায় নয়!  শোনা যাচ্ছে, এই ছবি একেবারে রিভার্স মস্তি— যেখানে শুধুই স্বামীরা নয়, স্ত্রীরাও জড়িয়ে পড়বেন পরকীয়ার খেলায়! এক ধরনের ‘ডাবল প্লে’ শুরু হবে— স্বামী-স্ত্রীর মধ্যে চলবে কে কাকে টপকে যায়, সেই নিয়ে একপ্রকার কমিক যুদ্ধ।

 

 

 ‘মস্তি ৪’-এর পরিচালনার চেয়ারে ইন্দ্র কুমার নন, বরং বসেছেন মিলাপ মিলন জাভেরি। সূত্রের খবর, ‘মস্তি ৪’-এর গল্প বলার ধাঁচ অনেকটাই প্রথম ‘মস্তি’-র মতোই যেখানে কমেডির ভিতটা স্ল্যাপস্টিক নয়, বরং একেবারে চিত্রনাট্য-নির্ভর। তবে এবার একটু থ্রিলের ছোঁয়াও রয়েছে গল্পে।খবর, অভিনেত্রী এলনাজ নরৌজি যোগ দিয়েছেন ছবিতে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।

 

অন্যদিকে, ইন্দ্র কুমার এখন ব্যস্ত ‘টোটাল ধামাল’-এর শেষ পর্যায়ের কাজ নিয়ে— যে ছবিতে অজয় দেবগণ, রিতেশ দেশমুখ, মাধুরী দীক্ষিত থেকে জাভেদ জাফরি—সবাই আছেন। আর মিলাপ মজে রয়েছেন দিওয়ানিয়ত-এর মুক্তি নিয়ে— যেখানে হর্ষবর্ধন রানে আর সোনম বাজওয়া জুটি বেঁধেছেন।

 

আগামী বছর অর্থাৎ ২০২৬-এ বড়পর্দায় মুক্তি পাবে ‘মস্তি ৪’।