বলিউডের প্রথম সারির অভিনেতা তিনি। উপহার দিয়েছেন একাধিক হিট। কিন্তু এ হেন অভিনেতা মনোজ বাজপেয়ীর লাভ স্টোরিও কোনও সিনেমার থেকে কম নয়। কীভাবে আলাপ হয় দু'জনের?
সালটা ১৯৯৮। মাস জুলাই। সেই বছরই মুক্তি পায় রাম গোপাল ভার্মার ছবি 'সত্য'। সেখানে গ্যাংস্টার ভিকু মাহতারের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন মনোজ। অন্যদিকে বিধু বিনোদ চোপড়ার ছবি 'করিব' -এর হাত ধরে ডেবিউ করেন শাবানা রাজা। বক্স অফিসে ছবিটি না চললেও অভিনেত্রী নজর কেড়ে নেন। চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। সেই সময়ই একটি পার্টিতে আলাপ হয় তাঁদের। সম্প্রতি এই বিষয়ে একটি সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী বলেন, 'শাবানা সেই বছর চর্চার কেন্দ্রে উঠে এসেছিল। আমি ওর রূপে সম্পূর্ণ মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এরপর যখন ওকে দেখি, আলাপ হয় তখন সেই মুগ্ধতা আরও কয়েক গুণ বেড়ে যায়। আমরা প্রেমে পড়ি। প্রথম দিন থেকেই আমরা ডেট করা শুরু করি।'
অভিনেতা এদিন তাঁদের সম্পর্কের বিষয়ে আরও বলেন, 'আমার স্ত্রী অত্যন্ত সংবেদনশীল এবং সব কিছুকে সম্মান করে। আর সেটা ওর সিদ্ধান্তেই প্রতিফলিত হয়। শাবানা কখনও আমার কোনও ছবির সেটে আসেনি।কারণ সম্পর্কের একদম গোড়াতে ও বুঝে গিয়েছিল যে মনোজ আলাদা। আর আমার এই রূপকে ও মেনে নিতে পারত না। বিশেষ করে যেখানে ওকে ঠিক ভাবে গ্রহণ করা হচ্ছে না। তাই কখনও আমার কোনও ছবির সেটে আসেনি।'
তবে উল্টোটা কিন্তু হয়েছে। অর্থাৎ মনোজ বাজপেয়ী একাধিকবার তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর সেটে যেতে চেয়েছেন। কিন্তু শাবানা কখনও সেটা করেননি। এই বিষয়ে অভিনেতা বলেন, 'একজন অভিনেতা হিসেবে ও বুঝত ওই সময় ও গিয়ে যদি আমার মনোযোগ চায় সেটা বোকামো হবে। আমি যা করছি, সেই জোনেই ও কখনও আসেনি। এটা একটা অদ্ভুত বোঝাপড়া।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০০৬ সালে সাতপাকে বাঁধা পড়েন মনোজ বাজপেয়ী এবং শাবানা রাজা। তার আগে তাঁরা ৭ বছর প্রেম করেছেন। ২০১১ সালে তাঁদের। মেয়ের জন্ম হয়। যদিও তার আগেই ২০০৯ সালে অভিনয় জগৎ থেকে সরে যান শাবানা।















