মাত্র কয়েকদিন হল শেষ হয়েছে 'রাঙামতি তীরন্দাজ'। স্টার জলসার এই ধারাবাহিক দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল মনীষা মণ্ডলকে। এই মেগা শেষ হওয়ার পরেই শোনা যাচ্ছে ফের স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী।
বিরতি না নিয়েই পর্দায় ফিরছেন 'রাঙা'। তবে এবার একেবারে ছক ভাঙা চরিত্রে দেখা যাবে মনীষাকে। টলিপাড়ার অন্দরের খবর, মনীষা ফিরছেন সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার হাত ধরেই। এর আগে 'রাঙামতি তীরন্দাজ' ধারাবাহিকটি এই প্রযোজনারই ছিল। একই প্রযোজনায় একই চ্যানেলে নতুন রূপে দেখা যাবে নায়িকাকে। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি লুক সেট হয়ে গিয়েছে নতুন মেগার।
শোনা যাচ্ছে, মনীষার বিপরীতে নায়কের চরিত্রেও দেখা যাবে এক পরিচিত মুখকে। অভিনেতা ঋত্বিক মুখার্জিকে দেখা যেতে পারে এই ধারাবাহিকের নায়কের চরিত্রে, খবর এমনটাই। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি এই মেগার। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়িই নামও চূড়ান্ত হবে, এবং মেগার প্রোমো শুটিংও হবে। সবকিছু ঠিকঠাক থাকলে মনীষা ও ঋত্বিকের জুটিকে পেতে চলেছেন দর্শক। এবার দেখার পালা, এই নতুন জুটি কতটা মন ছুঁয়ে যেতে পারে দর্শকের।
প্রসঙ্গত, ঋত্বিককে দর্শক এর আগে দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'আনন্দী'তে। এই মেগায় চিকিৎসকের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ধারাবাহিক শেষ হওয়ার পরেই নতুন চরিত্রে তাঁর ফেরার খবর এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।















