সম্প্রতি শেষ হল সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'শোলক সারি'। বহুদিনের বিরতির পর এই ধারাবাহিকের মাধ্যমে আবারও কাজ শুরু করেছিলেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। একসময় পরপর ধারাবাহিকে কাজ করলেও মাঝে তেমনভাবে কাজ না থাকায় এক লম্বা বিরতির মধ্যে কাটান এই জনপ্রিয় অভিনেত্রী।
হঠাৎ করে এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় আবার যেন দুশ্চিন্তা ঘিরে ধরেছে মৈত্রেয়ীকে। শেষ শট দিয়ে খানিকটা মন খারাপ নিয়ে মেকআপ রুমে মৈত্রেয়ী বলেন, "এই ফ্লোরেই আমার প্রথম ধারাবাহিক, তখন সেই ধারাবাহিকের শেষদিনে বুকের মধ্যে যেমন কষ্ট হয়েছিল আজ শোলক সারির কান্না দেখে বুঝতে পারছি ঠিক তেমনই অনুভূতি হচ্ছে। আমার অনেকদিন হয়ে গিয়েছে, এই ভাঙা গড়ার খেলাটা জানি। তাই মনের মধ্যে কষ্ট হলেও চোখে হয়তো জল আসে না।"
অভিনেত্রী বলেন, "আজকে যখন শেষ শট দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এলাম তখন মনে হচ্ছিল কেউ বলুক না না এখানেই তোমার শেষ নয়। যে কোনও কিছুর শেষ বড্ড কষ্টের, কাজে হোক বা জীবনের। আমরা সকলেই জানি,শুরু হওয়া মানে শেষ হবেই। শেষের পরে একটা নতুন জার্নি শুরু হয়। তবে মন মানতে চায় না, বিশেষ করে এই জার্নিটা যখন খুব সুন্দর ও মধুর হয় তখন শেষটা মেনে নেওয়া আমাদের সকলের জন্য খুব কঠিন হয়।"
লম্বা বিরতির পর এই ধারাবাহিকের মাধ্যমে শুরু করেন মৈত্রেয়ী মিত্র, সেই জন্য কি খারাপ লাগাটা আরও বেশি? তাঁর কথায়, "একদমই তাই। আগে যেমন একটা ধারাবাহিক শেষ হওয়ার আগেই আমরা জেনে যেতাম নতুন কাজের কথা। কিন্তু এখন কাজ শেষ হলে কবে আবার কাজ পাব সেটা নিয়ে অনিশ্চয়তা থাকে, ভয়ও তৈরি হয়। কারন আমরা প্রত্যেকে খুব সংসারী মানুষ, আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব থাকে। যেহেতু আমি দীর্ঘ বিরতির পর এই কাজটা শুরু করি, তাই একটা আর্থিক বিপর্যয় তো ছিলই। সেই আর্থিক বিপর্যয় পুরোপুরি কাটার আগেই এই ধারাবাহিকটা শেষ হয়ে গেল। যদিও এটা অত্যন্ত ব্যক্তিগত বিষয় বলার কথা নয়। তবুও বলছি কারণ মানুষ ভাবে না আমরা যারা এই জগতে আছি তাদের সবকিছুই ভাল, কিন্তু আমাদেরও নিজেদের লড়াই থাকে, সবাইকে যেমন লড়াই করতে হয়, আমাদের কেউ সেই কঠিন লড়াইটা লড়তে হয়। কিন্তু সেটা হয়তো অনেক সময় সামনে আসে না। তাই যেদিন থেকে শুনেছি ধারাবাহিক শেষ হচ্ছে সেদিন থেকেই দুশ্চিন্তা শুরু হয়েছে। তবে এটা বলব যে আমরা যেহেতু দাদা অর্থাৎ স্নেহাশীষ চক্রবর্তীর হাউসে কাজ করছি। তিনি জানেন কার কখন কতটা দরকার, কাকে কোথায় প্রয়োজন। ঠিকঠাক চরিত্র হলেই তিনি নিশ্চয়ই দেখে নেবেন সেটা আমি জানি।"
তিনি বলেন, "ঠিক যেমন গতবছর দু'মাসের জন্য আমি জগদ্ধাত্রী ধারাবাহিকে একজন ক্যাবিনেট মিনিস্টারের চরিত্রে অভিনয় করেছিলাম, যা ওইটুকু সময় আমায় অত্যন্ত জনপ্রিয়তা দিয়েছিল। এই ধারাবাহিকের ক্ষেত্রেও চরিত্রটা তেমন। নেতিবাচক হলেও এই ধরনের চরিত্র আমি আগে করিনি। আশা করি নতুন চরিত্রে আবার দর্শকদের কাছে ফিরতে পারব। শুধু এটুকুই চাই যে সবাই যেন সবাইকে ভালবাসেন, প্রত্যেকে যেন কাজ পান এবং নিজেদের মতো কাজ করে ভাল থাকতে পারেন। কারণ এই সময়ে কাজ পাওয়াটা খুব জরুরী।"
