সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মাত্র ৫ মাস বয়সে হারান বাবাকে! জানেন এখন 'মুসাফির ক্যাফে'র 'প্রীতি'র বয়স কত?
'মুসাফির ক্যাফে'তে 'প্রীতি'র চরিত্র নজর কেড়েছে সকলের। আর এই চরিত্রে অভিনয় করেছেন মহিমা মাকওয়ানা। তাঁর অভিনয়, চরিত্রটি বর্তমানে নেটপাড়ার চর্চার বিষয়। কিন্তু জানেন কি মহিমা কখনও অভিনেত্রী হতেই চাননি! হ্যাঁ। মাত্র ৫ মাস বয়সে বাবাকে হারান অভিনেত্রী। তারপর থেকে তাঁর মা একটি এনজিওতে কাজ করে তাঁকে মানুষ করেন। মহিমার কথায়, 'আমার মা অভিনেত্রী হতে চেয়েছিলেন, পারেননি। উনিই আমায় অভিনয়ের দিকে এগিয়ে দেন।' মাত্র ৯ বছর বয়স থেকে অডিশন দেওয়া শুরু করেন তিনি। অনিচ্ছা সত্ত্বেও অর্ধেক স্কুল করে অডিশন দিতে যেতেন, শুধু মায়ের ইচ্ছে পূরণ এবং পরিবারের কথা ভেবে। মহিমা রণবীর আল্লাহবাড়িয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে অতীতে জানিয়েছিলেন তাঁরা একটি বস্তিতে থাকতেন। এরপর ২০১২ সাল থেকে তিনি অভিনয় করা শুরু করেন। সিনেমা, সিরিয়াল, সিরিজে কাজ করেন। আর এর ফাঁকে মাত্র ১৪ নছর বয়সে কেনেন তাঁর প্রথম বাড়ি। এখন ২৬ বছর বয়স তাঁর। দুই বাড়ির মালিক। রয়েছে গাড়িও।
সাইবার ক্রাইমের শিকার কীর্তি কুলহারি
ফের সাইবার ক্রাইমের শিকার আরও এক বলিউড তারকা। ক্রেডিট কার্ড স্ক্যামের কারণে লক্ষাধিক টাকা হারালেন 'উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' খ্যাত অভিনেত্রী কীর্তি কুলহারি। জানা গিয়েছে তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করে ২.৪৪ লাখ টাকা তোলা হয়েছে তাঁর অজ্ঞাতে। এই বিষয়ে তিনি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। আম্বলি থানায় তিনি যে অভিযোগ জানিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি তিনি যখন একটি সিনেমা দেখতে যান তখনই তাঁর কাছে ব্যাঙ্কের মেসেজ আসে যে তাঁর অ্যাকাউন্ট থেকে বিদেশি মুদ্রার লেনদেন হয়েছে, আর অঙ্কের পরিমাণ ২.৪৩ লাখ টাকার বেশি। আপাতত তাঁর ক্রেডিট কার্ড ব্লক করে দেওয়া হয়েছে।
ক্লাস ৪ পর্যন্ত জানতেনই না জন্মদিন কবে! অদ্ভুত দাবি ধনুশের
গত ২৮ জুলাই ছিল দক্ষিণী তারকা ধনুশের ৪৩ তম জন্মদিন। আর সেই উপলক্ষ্যে তাঁর একটি ফ্যান ক্লাব রক্তদানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে গিয়েছিলেন ধনুশ। এই অনুষ্ঠানে এসে অভিনেত্রী জানান ক্লাস ৪ পর্যন্ত তিনি জানতেন না তাঁর জন্মদিন কবে। প্রসঙ্গত, ধনুশ অতীতে জানিয়েছিলেন খাবার খাওয়ার জন্য তাঁকে ফুল বিক্রি করতে হতো। দারিদ্র্য কাকে বলে তিনি দেখেছেন। ফলে সেই সময় জন্মদিন পালন বিলাসিতা ছাড়া আর কিছুই ছিল না।
















