২৯ মার্চ শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার এই মর্মান্তিক মৃত্যু একাধিক প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে শিল্পীদের নিরাপত্তা নিয়ে। একই সঙ্গে সেখানে উপস্থিত সকলের ও প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়ের আলাদা আলাদা বক্তব্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। এতদিন ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজ চুপ থাকলেও, অবশেষে মুখ খুলল। কী জানানো হল লীনার সংস্থার তরফে?

এদিন ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার তরফে জানানো হয় তাঁরা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেটার সঠিক রিপোর্ট বানানোর চেষ্টা করছেন। এদিন একই সঙ্গে তদন্ত যাতে স্পষ্ট এবং নিরপেক্ষভাবে হয় তাই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত লীনা গঙ্গোপাধ্যায়। 

ম্যাজিক মোমেন্টসের তরফে বিবৃতিতে লেখা হয়, 'আমরা, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার গভীরভাবে শোকাহত আমাদের কলিগ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে। আমরা ইতিমধ্যেই আমাদের কলাকুশলীদের সঙ্গে কথা বলা শুরু করেছি। কিন্তু তাঁদের অধিকাংশই ট্রমাটাইজড, সেদিন ঠিক কারণে এটি ঘটেছিল সেটা নিশ্চিত করে বলার জন্য। আমরা আর কিছুদিন সময় চাইছি ওদের বয়ান আরও সুসংগঠিত ভাবে নেওয়ার জন্য। যাতে বিভিন্ন ধরনের যে বয়ান সামনে আসছে সেই বিভ্রান্তি দূর হয়। আমরা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করব।' 

তাঁদের তরফে বিবৃতিতে এদিন এও জানানো হয় লীনা গঙ্গোপাধ্যায়ের কোম্পানি বলা হয় ম্যাজিক মোমেন্টসকে। কিন্তু সেটা সঠিক নয়। তিনি ২০১০ সালে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন লেখক হিসেবে। ২০১১ সালে বোর্ডের সদস্য হন। তিনি এই সংস্থার অপারেশনাল এক্সিকিউটিভ নন। রাহুলের বাড়িতে ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। কিন্তু এই কঠিন সময় তাঁর সঙ্গে বাড়ির কেউ কথা বলার মতো অবস্থায় ছিল না বলেও জানানো হয়েছে। 

একই সঙ্গে এই বিবৃতিতে আরও একটি দিক তুলে ধরা হয়েছে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের পদে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। ফলে অনেকে মনে করছেন রাহুলের মৃত্যু তদন্ত তিনি প্রভাবিত করতে পারেন। তাই লীনা প্রয়োজনে এই পদ ছাড়তে প্রস্তুত।

ম্যাজিক মোমেন্টস দাবি করেছেন তাঁরা সম্পূর্ণ নিরাপত্তার দিক মাথায় রেখে, অনুমতি নিয়েই শুটিং করছিল। তারপরেও এই দুর্ঘটনাটি ঘটেছে। 

এই বিবৃতি ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজের তরফে এলেও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। 

* প্রথমত, প্রোডাকশন ম্যানেজার প্রথমে কেন অন্য কথা বললেন? 

* দ্বিতীয়ত, প্রোডাকশন ম্যানেজার কেন স্পটে ছিলেন না? 

* তৃতীয়ত, লীনা গঙ্গোপাধ্যায় যে মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়তে প্রস্তুত সেটা কি কমিশনকে তিনি জানিয়েছেন? 

* চতুর্থত, গুগল কেন বলছে, লীনা গঙ্গোপাধ্যায় ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের সহকর্ণধার? এই তথ্য কি তবে ভুল? শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রামে কেন সহকর্ণধার লেখা? আরও একজন কর্ণধার কে তবে? 

এই প্রশ্নগুলোর পাশাপাশি টলিউডের শিল্পীদের তরফে আরও একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রিয়াঙ্কা সরকার প্রযোজনা সংস্থার অভিযোগ দায়ের করতে যাচ্ছেন বলেই শোনা যাচ্ছে। ফলে আগামীতে এই প্রশ্নের জবাব পাওয়া যায় কিনা সেই দিকে নজর থাকবে। 

প্রসঙ্গত, ২৯ মার্চ ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শুটিং চলছিল তালসারি বিচে। তখনই জলে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৩০ মার্চ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।