পর্দার পর বাস্তবেও প্রেম?
‘ডিয়ার জিন্দেগি’-তে আলিয়া ভাটের মিষ্টি ছোট ভাই থেকে ‘ইশক ভিশক রিবাউন্ড’-এর হার্টথ্রব রোহিত শরাফ বরাবরই অনুরাগী বিশেষ করে তরুণীদের ক্রাশ। তবে এবার তাঁর লাইমলাইটে আসার কারণ কোনো নতুন ছবি নয়, বরং ব্যক্তিগত জীবনের এক ‘বিশেষ’ সমীকরণ। বি-টাউনে জোর গুঞ্জন, ‘দ্য রেভোলিউশনারি’ সহ-অভিনেত্রী প্রতিভা রান্তার সঙ্গে প্রেমের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা।
নিখিল আদবানির আসন্ন পিরিয়ড ড্রামা সিরিজ ‘দ্য রেভোলিউশনারি’-তে একসঙ্গে কাজ করছেন রোহিত ও প্রতিভা। আর এই শুটিং সেট থেকেই শুরু হয়েছে তাঁদের অফ-স্ক্রিন বন্ধুত্বের গল্প। সূত্রের খবর, শুটিং চলাকালীন দুজনে একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছেন। তাঁদের মধ্যে এক অদ্ভুত স্বাচ্ছন্দ্য এবং উষ্ণতা লক্ষ্য করা গিয়েছে, যা সচরাচর সাধারণ সহ-কর্মীদের মধ্যে দেখা যায় না।এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, "রোহিত ও প্রতিভা বর্তমানে একে অপরের সঙ্গ খুব পছন্দ করছেন। তাঁরা খুব ভালো বন্ধু এবং তাঁদের মধ্যে দারুণ বোঝাপড়া। তবে এখনই তাঁরা সম্পর্কের কোনও তকমা দিতে চাইছেন না।
ক্ষমাপ্রার্থী রণবীর
‘ধুরন্ধর ২’-এর আকাশছোঁয়া সাফল্যের মাঝেই আইনি জাঁতাকলে ফেঁসেছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। গোয়ায় অনুষ্ঠিত 'ইফি ২০২৫'-এর এক অনুষ্ঠানে ঋষভ শেঠির ‘কানতারা’ ছবির একটি দৃশ্য অনুকরণ করতে গিয়েই বাধে বিপত্তি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিদ্ধ রণবীর এবার নিঃশর্ত ক্ষমা চাইতে চলেছেন। আগামী ১০ এপ্রিল তিনি আদালতে হলফনামা জমা দেবেন এবং সশরীরে মহীশূরের চামুণ্ডী মন্দিরে গিয়ে ক্ষমা প্রার্থনা করবেন বলে জানা গিয়েছে।
ঠিক কী ঘটেছিল?
ইফি-র মঞ্চে ঋষভ শেঠির অভিনয়ের প্রশংসা করতে গিয়ে রণবীর ‘কান্তারা’র সেই বিখ্যাত ‘দৈব’ দৃশ্যটি নকল করে দেখান। মঞ্চে উপস্থিত ঋষভ সেই মুহূর্তে হেসে ফেললেও, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। অভিযোগ ওঠে, পবিত্র ‘চামুণ্ডী দৈব’-কে নিয়ে এমন ঠাট্টা বা অনুকরণ ধর্মীয় ভাবাবেগকে চরম অপমান করেছে।শেষমেশ পরিস্থিতি সামাল দিতে সশরীরে মহীশূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। ১০ এপ্রিল হলফনামা জমা দেওয়ার পাশাপাশি তিনি চামুণ্ডী মন্দিরে গিয়ে নিজের ‘ভুল’ স্বীকার করবেন।সাফল্যের চূড়ায় থেকেও রণবীরের এই ‘ভুল পদক্ষেপ’ কি তাঁর ভাবমূর্তিতে প্রভাব ফেলবে? আপাতত ১০ এপ্রিলের দিকেই নজর সবার।
রাহুল-আথিয়ার সন্তানের প্রথম জন্মদিন
মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় একঝাঁক ভালবাসার ছবি। উপলক্ষ, ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়া শেট্টির মেয়ে ইভারার প্রথম জন্মদিন। ঠিক এক বছর আগে এই দিনেই (২৪ মার্চ, ২০২৫) রাহুল-আথিয়ার কোল আলো করে এসেছিল তাঁদের ‘ঈশ্বরের উপহার’ ইভারা। মেয়ের প্রথম জন্মদিনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেই শুভেচ্ছার জোয়ারে ভাসলেন এই তারকা দম্পতি।ছবির ক্যাপশনে রাহুল ও আথিয়া লিখেছেন, "শুভ প্রথম জন্মদিন আমার জান। আমাদের বেছে নেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে কতটা ভালোবাসি তা পৃথিবীর কোনও শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়।" যদিও গত এক বছরের মতো এবারও মেয়ের মুখ আড়ালেই রেখেছেন তাঁরা। একটি ছবিতে দেখা যাচ্ছে খুদে ইভারা তাঁর বাবার আঙুল শক্ত করে ধরে আছে, যা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, জন্মদিনের উদযাপনটি ছিল ঘরোয়া অথচ অত্যন্ত রুচিশীল। ‘অ্যানিম্যাল থিম’-এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল ইভারার বার্থডে কেক। একটি ছবিতে দেখা যাচ্ছে, রাহুল তাঁর একরত্তিকে উঁচুতে তুলে ধরেছেন আর পাশে খিলখিল করে হাসছেন মা আথিয়া। ব্যাকগ্রাউন্ডে বেলুনের ওপর লেখা, "ইভারু ইজ ওয়ান!" এই পোস্টে মন্তব্য করে ভালবাসা জানিয়েছেন বলি-সুন্দরী অনুষ্কা শর্মা। তিনি লিখেছেন, "মিষ্টি বাচ্চা।"
&t=2069s
