স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ঘূর্ণি'। টেন্ট সিনেমার প্রযোজনায় একজন মহিলা ক্রিকেটারের গল্প বলবে এই ধারাবাহিক। কয়েকদিন আগে ধারাবাহিকের নাম ঘোষণা করে একটি প্রোমো চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল। কিন্তু সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করার জন্য বোঝা যায়নি মুখ্য চরিত্রে কাদের দেখা যাবে। যদিও ওই প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ার অনেক অভিনেতার নাম উঠে এসেছিল। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল অভিনেতা নীল ভট্টাচার্যের নামও। 

 

তবে এবার সামনে এল আসল সত্যিটা। 'ঘূর্ণি'তে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা কুণাল শীলকে। কুণালকে দর্শক এর আগে দেখেছিলেন স্টার জলসারই ধারাবাহিক 'গীতা এলএলবি'র নায়কের চরিত্রে। ওই ধারাবাহিক চলাকালীন দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন কুণাল। এমনকী 'গীতা এলএলবি' শেষ হয়ে যাওয়ার পরেও তাঁর নতুন ধারাবাহিকে ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এবার সেই অপেক্ষার পালা শেষ। নতুন চরিত্র নিয়ে ফিরছেন অভিনেতা। 

 

টলিপাড়ার অন্দরের খবর, মেগার নায়িকার চরিত্রে দেখা যাবে নতুন মুখকে। এই ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মল্লিকা মজুমদারকেও। ইতিমধ্যেই নাকি প্রোমো শুটিং হয়ে গিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই চ্যানেলে সম্প্রচারিত হবে 'ঘূর্ণি'র নতুন প্রোমো। 

এদিকে, স্টার জলসায় আসছে আরও এক নতুন ধারাবাহিক 'প্রতীজ্ঞা'। মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী অভীকা মালাকারকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই মেগার সম্প্রচারের সময়। জানা যাচ্ছে, রাত সাড়ে নটায় দেখা যাবে 'প্রতীজ্ঞা'। অন্যদিকে, এই সময়ে এতদিন দর্শক দেখতেন গৌরব-শোলাঙ্কির ধারাবাহিক 'মিলন হবে কতদিনে'। এবার থেকে সেই মেগাকে দেখা যাবে রাত ১১:০০। এবার 'ঘূর্ণি' আসার ফলে কোন ধারাবাহিকের জায়গা সরবে, কোন ধারাবাহিকই বা শেষ হবে এখন সেটাই দেখার।