৩৭০ টাকার বিরিয়ানি বিতর্ক যেন শেষ হয়েও শেষ হচ্ছে না! সম্প্রতি প্রণীত মুরের কমেডি শোয়ে এসে হিমাংশু নামক ২৩ বছরের এক যুবক জানান তিনি এক মহিলার সঙ্গে ডেটে গিয়ে ৩৭০ টাকা খরচ করে তাঁকে বিরিয়ানি খাওয়ান। তারপর পার্কে নিয়ে গিয়ে সেই টাকা উশুল করার চেষ্টা করেন। তাঁর এই অপমানজনক কথা বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল। তারপর কেবল হিমাংশু একা নন, বিতর্ক এবং সমালোচনার মুখে পড়েছেন প্রণীত নিজেও। কেন? কারণ তিনি এই 'জোকস' শুনে কেবল হাসেন না, উপহার স্বরূপ সেই ব্যক্তিকে ৫ হাজার টাকা পর্যন্ত দেন। এই বিতর্কের পর প্রণীত লাইভে এসে ক্ষমা চান। কিন্তু তাতে মোটেই চিড়ে ভেজেনি। প্রণীতকে এবার একহাত নিলেন কমেডিয়ান কুণাল কামরা।
কুণাল কামরা এদিন প্রণীত মুরের ক্ষমা চাওয়ার ধরন এবং ভিডিও প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন। তিনি লেখেন, 'কমেডিয়ানদের এবার গল্প বলা, ক্রাউড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, ব্যাঙ্ক ব্যালেন্স, বাবা মায়েদের পিছনে লুকানো বন্ধ করা উচিত।'
এদিন অন্য একটা পোস্ট কুণাল প্রণীতের নাম নিয়ে সোজাসুজি লেখেন, 'প্রণীত মুর হর্ষ গুজরালকে ব্যারাক ওবামা বানিয়ে দিয়েছে।'
Things comedians should stop hiding behind…
— Kunal Kamra (@kunalkamra88)
1. Storytelling.
2. Crowd Work.
3. Hard Work
4. Bank Balance.
5. Parents.Tweet by @kunalkamra88
প্রণীত তাঁর ক্ষমা চাওয়ার ভিডিওতে ঠিক কী বলেছেন? তিনি শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে লেখেন, 'আমি অনেকদিন ধরেই এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম। কিন্তু পারছিলাম না, কারণ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আপনারা হয়তো সেই ভিডিও দেখেছেন যা কটাক্ষের মুখে পড়েছে। ঠিকই আছে। আমি এই সমালোচনার যোগ্য। ওদিন ওই কথোপকথনের সময় আমি একাধিক অপমানজনক কথা বলেছি। মানুষ হেসেছে, কিন্তু আমি আবেগে ভেসে গিয়েছিলাম। বিচার করার জায়গায় ছিলাম না।' তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, 'ওটা একটা মস্ত ভুল ছিল। আমি গোটা বিষয়টা হওয়া থেকে আটকাতে পারতাম চাইলে। বা পক্ষ নিতে পারতাম। কিন্তু উল্টে গোটা বিষয়টাকে এমন একটা প্ল্যাটফর্ম দিলাম যেখানে সেটা উদযাপিত হল। যাঁরা আমার ব্যবহারে আঘাত পেয়েছেন তাঁদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দুঃখিত। আমি সমস্ত আইনি প্রক্রিয়ায় সাহায্য করব। আমি সকলের কাছে অনুরোধ করব আমায় আরও একটি সুযোগ দেওয়ার জন্য যাতে আমি আমার কন্টেন্টের উপর কাজ করতে পারি।'















