'ভার্জিনপুর' থেকে ঘুরে এসেই 'ব্রহ্মচারী বয়েজ' হয়ে গেলেন ঋতব্রত মুখোপাধ্যায়! আবার সঙ্গে আছেন দেবরাজ ভট্টাচার্য, দুর্বার শর্মা, প্রমুখ। ব্যাপারটা ঠিক কী?
সবসময় ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই নতুন সিরিজটি, নাম 'ব্রহ্মচারী বয়েজ'। জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসছে এই সিরিজ। টলিউডের একাধিক পরিচিত মুখকে দেখা যাবে 'ব্রহ্মচারী বয়েজ' সিরিজে। রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়, কৌশিক সেন, দেবরাজ ভট্টাচার্য, দুর্বা শর্মা, শুভজিৎ কর, ঋ সেন, প্রমুখ। কিন্তু গল্পটা কী নিয়ে?
'ব্রহ্মচারী বয়েজ' সিরিজের গল্প আবর্তিত হবে একটি কর্পোরেট অফিসকে ঘুরে। নাম থেকেই স্পষ্ট সিরিজে ভরপুর কমেডি থাকবে। তার পাশাপাশি রোম্যান্স, অফিস ড্রামাও ফুটে উঠবে। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা দারুণ রিলেট করতে পারবেন, এমনটাই দাবি সিরিজের নির্মাতাদের। বর্তমান সময়ের সম্পর্কের জটিলতা, কাজের জায়গার পলিটিক্স, দুটোর দারুণ মিশেল দেখা যাবে 'ব্রহ্মচারী বয়েজ' সিরিজে।
তবে 'ব্রহ্মচারী বয়েজ' কবে মুক্তি পাবে সেটা এখনও ঘোষণা করা হয়নি। শীঘ্রই প্রকাশ্যে আনা হবে সিরিজের ট্রেলার এবং মুক্তির দিন।
প্রসঙ্গত, সবসময় ওটিটি প্ল্যাটফর্মের পথ চলা সম্প্রতি শুরু হয়েছে। কিন্তু অল্প সময়েই বিভিন্ন ধরনের কনটেন্ট দিয়ে নজর কেড়েছে এই প্ল্যাটফর্ম। আর তাতে নবীনতম সংযোজন 'ব্রহ্মচারী বয়েজ'।
এই সিরিজে বিপ্রতীপ পোদ্দারের চরিত্রে থাকবেন শুভজিৎ কর, পূর্ণেন্দু সরকার হয়ে ধরা দেবেন দেবরাজ ভট্টাচার্য। ঋতব্রত মুখোপাধ্যায় এবং কৌশিক সেনের চরিত্রের নাম যথাক্রমে শিরিষ উপাধ্যায় এবং মাধব চন্দ্র পালিত। ঋ সেন অভিনয় করবেন রিনি সেনের চরিত্রে , অন্যদিকে অনুরাধা মুখোপাধ্যায়কে দেখা যাবে শালিনী পালিতের ভূমিকায়। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন মৌমিতা হাঁড়ি, দুর্বার শর্মা এবং শৈলী ভট্টাচার্য।
















