দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। অকালপ্রয়াত হলেন অভিনেতা জং ইউন-উ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। ১১ ফেব্রুয়ারি তাঁর প্রয়াণের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই অনুরাগী ও সহকর্মীদের মধ্যে গভীর শোক। পর্দায় সংযত অথচ শক্তিশালী অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন।
১৯৮৬ সালের ১০ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ইনচনে জন্মগ্রহণ করেন জং ইউন-উ। জন্মনাম ছিল জং ডং-জিন। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন একজন প্রতিশ্রুতিবান বাস্কেটবল খেলোয়াড়। সঙদো মিডল স্কুল ও সঙদো হাই স্কুলে পড়াকালীন তিনি নিয়মিতভাবে বাস্কেটবল খেলতেন এবং ক্রীড়াজগতে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতেন। তবে দুর্ভাগ্যবশত একটি গুরুতর চোট তাঁর সেই স্বপ্নের ইতি টানে। শারীরিক সমস্যার কারণে তাঁকে খেলাধুলা ছাড়তে বাধ্য হতে হয়। এরপরই জীবনের মোড় ঘুরিয়ে তিনি অভিনয়জগতে পা রাখেন। এবং পরবর্তীকালে সেখানেই গড়ে তোলেন নিজের আলাদা পরিচয়।
২০০৬ সালে কেবিএসের জনপ্রিয় ধারাবাহিক ‘রিপ্লাই ৩’-এর মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন জং ইউন-উ। ধীরে ধীরে তিনি গড়ে তোলেন এক বহুমাত্রিক অভিনয়জীবন। ‘সেম-এজ টিউটরিং ২’, ‘ব্যাড কাপল’, ‘মিস চেঞ্জ’-এর মতো ছবিতে যেমন নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন, তেমনই ‘হিট’, ‘চুনো’, ‘এ ম্যান কল্ড গড’, ‘লাফ, ডং-হে’, ‘ব্রাইড অব দ্য সান’ এবং ‘ফাইভ ফিঙ্গার্স’-এর মতো টেলিভিশন ধারাবাহিকেও রেখে গিয়েছেন অভিনয় দক্ষতার ছাপ। আলোচনার কেন্দ্রবিন্দুতে সব সময় না থাকলেও অভিনয়ের প্রতি নিষ্ঠা ও চরিত্রের প্রতি আন্তরিকতার জন্য তিনি ইন্ডাস্ট্রিতে শ্রদ্ধার পাত্র ছিলেন।
২০১৮ সালে সামরিক পরিষেবা সম্পন্ন করার পর নতুন উদ্যমে অভিনয়ে ফেরেন তিনি। কেবিএস২-এর পারিবারিক ধারাবাহিক ‘মাই অনলি ওয়ান’-এ ওয়াং ই-রিউক চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করেন। পারিবারিক আবেগঘন এই গল্পে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।
পরবর্তীতে ২০২১ সালের চলচ্চিত্র ‘মেমোরি: ম্যানিপুলেটেড মার্ডার’-এ অভিনয়ের মাধ্যমে আরও গাঢ় ও জটিল চরিত্রে নিজেকে মেলে ধরেন জং ইউন-উ। চরিত্র নির্বাচনে বৈচিত্রের প্রতি তাঁর আগ্রহ বরাবরই লক্ষ্য করা গিয়েছে।
প্রয়াণের ঠিক একদিন আগে করা একটি সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে আপাতত চর্চা। ১০ ফেব্রুয়ারি তিনি প্রয়াত শিল্পী লেসলি চিয়ুং ও এমি ওয়াইনহাউসের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘মিসড, এনভিয়াস, রিগ্রেটফুল..’। সংক্ষিপ্ত হলেও গভীর আবেগঘন সেই বার্তা এখন অনুরাগীদের মনে নতুন করে নাড়া দিচ্ছে।
জানা গিয়েছে, নিউ গোরেয়ো হাসপাতালের ফিউনারেল হলের স্পেশাল রুম ২-এ তাঁর শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় শেষকৃত্য সম্পন্ন হবে। সমাধিস্থ করা হবে বেয়কজে সেউংহোয়াওনে। তাঁ দক্ষিণ কোরিয়ার বিনোদন দুনিয়া এক অসামান্য শিল্পীকে হারাল।
