রাণা সরকারের প্রযোজনায় ও রাজদীপ ঘোষের পরিচালনায় আসছে প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক 'গুনগুন করে মহুয়া'। ছবির শুটিং চলছে জোরকদমে। বেশিরভাগ অংশের শুটিংই শেষের পথে।
'মহুয়া'র তরুণীবেলার চরিত্রে থাকবেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল ও প্রাপ্তবয়স্ক অভিনেত্রীকে পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এই ছবিতে কালজয়ী পরিচালক তরুণ মজুমদারকে পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে অভিনেতা কোরক সামন্তকে। তরুণ মজুমদারের হাত ধরে 'শ্রীমাণ পৃথ্বীরাজ' ছবিতে অভিষেক হয় মহুয়ার। সারাজীবন একজন অভিভাবকের মতোই মহুয়ার পাশে থেকেছেন তরুণ মজুমদার। তাঁর চরিত্রটি ফুটিয়ে তোলার দায়িত্ব এবার কোরকের কাঁধে। ইতিমধ্যেই নিজের অংশের শুটিং শেষ করেছেন অভিনেতা।

এছাড়াও বায়োপিকে আরও এক পরিচালককে দেখা যাবে। আজকাল ডট ইন আগেই জানিয়েছিল পরিচালক তপন সিনহার চরিত্রে এই ছবিতে দেখা যাবে অভিনেতা, পরিচালক অরিন্দম শীলকে।
অন্যদিকে, মহুয়ার বাবা 'নীলাঞ্জন রায়চৌধুরী'র চরিত্রে দেখা যাবে লোকনাথ দেকে। অভিনেত্রীর বাবা খুবই সাধারণ একজন মানুষ ছিলেন। মধ্যবিত্তের সংসারে নানা চিন্তার মধ্যেও মেয়ের স্বপ্নকে মরতে দেন না তিনি। মহুয়ার নাচের প্রতি আগ্রহ দেখে তিনিই তাঁকে স্বপ্নপূরণের দিকে এগিয়ে দিয়েছিলেন। ছাপোষা এই মধ্যবিত্ত বাঙালিকেই বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন লোকনাথ দে। প্রয়াত অভিনেত্রীর দিদির চরিত্রে দেখা যাবে গায়িকা দেবলীনা নন্দীকে। এই ছবির হাত ধরেই প্রথমবার অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। এছাড়াও অভিনেতা, পরিচালক তথাগত মুখার্জিকে দেখা যাবে 'মহানায়ক' উত্তমকুমারের চরিত্রে। সন্ধ্যা রায়ের চরিত্রে থাকবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এছাড়াও মহুয়ার একজন শুভাকাঙ্ক্ষী, ফিকশনাল চরিত্রে থাকবেন অভিনেতা অর্পণ ঘোষাল। 'গুনগুন করে মহুয়া' ছবিতে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত থাকছেন ক্যামেরার পিছনে।
প্রসঙ্গত, মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রে বহু তারকার উপস্থিতি যে থাকবে সেটা তো বলাই বাহুল্য। কিন্তু সেই চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে সেটা ক্রমশ প্রকাশ্য।















