প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত অভিনীত নতুন বাংলা ছবি 'অভিমান' মুক্তি পাবে আগামী ১৯ জুন। আজ মুক্তি পেয়েছে নতুন গান 'কে তুমি?' ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে গানটি গেয়েছেন পাপন এবং অন্তরা মিত্র৷
ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরের মায়া সম্পূর্ণ গানে ছড়িয়ে৷ বৃষ্টিভেজা প্রেমের গানে ভালবাসার স্নিগ্ধ শীতল পরশ ছড়িয়েছে কথাসুরের মায়া আর কোমলতায়।
গানের দৃশ্যে যিশু আর শুভশ্রীর জুটি অনবদ্য৷ মনের গোপন ঘরে কখন যে কে আসে কে রাখে তার খোঁজ, তাইতো গানের কথায় রয়েছে, "চুপচাপ টুপটাপ এই বুঝি এল কেউ...'
এই প্রেম উদ্দামতার ভিড়ে শান্তির খোঁজ, এই প্রেম উদযাপনের ভিড়ে একে অপরের উপস্থিতির অনুভবের, হাতে হাত রেখে বহুদূর যাওয়ার অঙ্গীকার, অচেনাকে চেনার অজানাকে জানার ইচ্ছেরা অনায়াস, স্বাধীন।
বৃষ্টি আর আলো এই গানের কথা সুরের মায়াকে বিমূর্ত করে তুলেছে৷ আলতো ছোঁয়া অমলিন ভালবাসায় যিশু শুভশ্রীর প্রেমের রসায়নও এই গানে যেন নাইন্টিজের প্রেমের গানের সরলতা এবং আবহমানতাকে মনে করায়৷















