বলিউডে 'আইটেম ডান্স' মানেই যেন নতুন কোনও বিতর্ক। এবার সেই বিতর্কের কেন্দ্রে নোরা ফতেহি এবং সঞ্জয় দত্ত। তাঁদের আগামী ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনার তেরি সরকে’ মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ উঠেছে, এই গানের কথা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অত্যন্ত কুরুচিকর শব্দে ঠাসা। আর সেই আপত্তির জেরে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে স্পষ্ট জানিয়ে দেন, এই গানটি নিষিদ্ধ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কন্নড় সুপারস্টার ধ্রুব সারজা অভিনীত এই প্যান-ইন্ডিয়া ছবির আইটেম গানটি গত রবিবার প্রকাশ করা হয়। ভিডিওতে নোরা ফতেহির তুখোড় নাচ নজর কাড়লেও, নেটিজেনদের বড় একটি অংশ গানের ভাষার তীব্র বিরোধিতা করেছেন। এমনকী বলিউডের একাধিক তারকাও গানটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। গানের কথা ও দৃশ্যে অশ্লীলতা রয়েছে এবং তা সমাজের জন্য, বিশেষ করে অল্পবয়সীদের জন্য ক্ষতিকর হতে পারে, এমনই অভিযোগে সরব হয়েছে নেটিজেনরা। 

বিতর্ক এতটাই বাড়ে যে জাতীয় মানবাধিতার কমিশন পর্যন্ত বিষয়টি নিয়ে নোটিস জারি করে। এরপরই গানটি ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়।  সংসদে এই বিষয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা কখনওই 'সম্পূর্ণ সীমাহীন' হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, এমন কোনও কনটেন্ট যা মানুষের অনুভূতিতে আঘাত করে বা সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে বাধ্য। 

সরকার ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-কে নির্দেশ দিয়েছে বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিতে এবং গানটি সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে। 

এই ঘটনাকে ঘিরে অনেকেই প্রশ্ন তুলেছেন, শিল্পের স্বাধীনতা আর সামাজিক দায়বদ্ধতার সীমারেখা কোথায়? কেউ বলছেন, এটি সেন্সরশিপের উদাহরণ, আবার কারওর মতে, সমাজের স্বার্থে এই ধরনের পদক্ষেপ প্রয়োজন। ফলে ‘সারকে চুনারিয়া’ বিতর্ক এখন শুধুই একটি গান নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।