গ্রামের সহজ-সরল মেয়ে দুলারী। পুরুলিয়া থেকে কলকাতায় এসেছে সে পড়াশোনা করবে বলে। কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে আসে সে। কিন্তু কলেজের প্রথমদিনই তার সঙ্গে ঘটে এক কাণ্ড! এমনটাই দেখা যাচ্ছে জি বাংলার এই ধারাবাহিকের নতুন প্রোমোতে।
দেখা যাচ্ছে, দুলারী কলেজে আসতেই ব়্যাগিং-এর শিকার হয়। আর সে গ্রামের মেয়ে বলে তাকে কোণঠাসা করতে থাকে সবাই। কিন্তু ভয়ে পিছিয়ে যায় না, রুখে দাঁড়ায়। বুঝিয়ে দেয়, গ্রামের মেয়ে হলেও শিক্ষিত সে-ও। এই মেগার নায়িকা 'দুলারী'র চরিত্রে অভিনয় করছেন দেবপ্রিয়া বসু। নায়িকা যখন আছে, তখন গল্পে খলনায়িকা থাকবে না তা কী করে হয়? ধারাবাহিকে খলচরিত্রে দেখা যাবে অভিনেত্রী কথা চক্রবর্তীকে। এই প্রোমো তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।
কথাকে দর্শক এর আগে দেখেছেন সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম'-এর নায়িকার চরিত্রে। এরপর সেভাবে ছোটপর্দায় আর দেখা যায়নি তাঁকে। তবে এবার নায়িকা থেকে সোজা খলনায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে। 'দুলারী'র গল্পে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্যকে। যদিও দুটো প্রোমোর একটাতেও দেখা যায়নি নীলকে।
গল্প অনুযায়ী দুলারী পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে থাকে। পড়াশোনায় তুখোড় সে। অভাব, অনটনেও সে পড়াশোনা ছাড়েনি। চায় পরীক্ষা দিয়ে দুর্দান্ত ফল করে কলকাতায় যেতে। সেখানকার কলেজে পড়তে। সেই কথা মতো, রাত জেগে পড়ে ভোরবেলা প্রথমে সাইকেল, তারপর বাসে করে পরীক্ষা দিতে যায়। পথে যার সঙ্গেই দেখা হয়েছে, তাকেই সে বলেছে, এই পরীক্ষায় সে দেখার মতো রেজাল্ট করবে। তারপর কলকাতা যাবে পড়তে।
পরীক্ষা দিয়ে এসে দুলারী তার মাকে জানায় পরীক্ষা ভাল হয়েছে, কলকাতার কলেজে তার সিট পাকা। এই কথা শুনেই রেগে যায় দুলারীর মা। জানায় কলকাতায় যেতে দেবে না তাকে। রাগ করে বই ফেলে দেয় আগুনে। এমন অবস্থায় কী হবে দুলারীর স্বপ্নের? উত্তর মিলবে ধারাবাহিকে। ২৯ জুন থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় সম্প্রচারিত হবে এই মেগা।














