মেয়ে দুয়ার জন্মের পর থেকেই আট ঘণ্টা কাজের দাবিতে সোচ্চার হয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকার এই দাবিকে ঘিরে বলিউড দ্বিধাবিভক্ত। কারও দাবি, সিনেদুনিয়ায় এরকম বাঁধাধরা সময় কাজ করা যায় না। আবার কারও মতে, দীপিকার দাবি একেবারে উড়িয়ে দেওয়া যায় না৷
তবে দুই সন্তানের মা, অভিনেত্রী করিনা কাপুর খান এবার সমর্থন জানালেন দীপিকাকে৷ নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বললেন ব্যক্তিগত জীবন আর পেশাগত দায়িত্বের মধ্যে একটা ভারসাম্য থাকা প্রয়োজন।
মেয়ে দুয়ার জন্মের পরে আট ঘণ্টা কাজের দাবি না মানায় দীপিকা বড় বাজেটের একটি ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন৷ করিনা বলেছেন, বিনোদন দুনিয়ায় মেয়েদের কী চাই, এইটুকু বলার স্বাধীনতা থাকা উচিত। কাজের শুরুতেই নির্দেশক এবং প্রযোজকের সঙ্গে এই বিষয় কথা বলে নেওয়া প্রয়োজন।
বর্তমানে করিনা বাকিংঘম মার্ডার এর শুটিং করছেন৷ এই ছবির শুটিংয়ের জন্য ৩৫ দিন লন্ডনে ছিলেন করিনা৷ বাড়িতে তাঁর দুই ছেলে আছে তৈমুর আর জেহ৷ তাই তিনি শুটিং এর সময়কে এমন ভাবে ভাগ করেছিলেন যাতে তিনি কাজ করতেও পারেন আবার ফিরেও আসতে পারেন৷ এই শুটিং চলাকালীন দীপাবলি পড়েছিল৷ তাই সেই সময় কাজ সামলে করিনা বাড়ি ফিরেছিলেন।
করিনার মতে, কাজের বিষয় খুব ভাল ভাবে পরিকল্পনা করা প্রয়োজন এবং শুরু থেকেই আপনার পরিকল্পনার বিষয় আপনার স্বচ্ছ ধারণা থাকা দরকার৷ এই প্রসঙ্গে করিনা বলেছেন, "আমি কী চাই, কতটা করতে পারব সেটা জানিয়েছিলাম৷ কারণ বাড়িতে আমার দুই সন্তান আছে। আমাকে তাদের কাছেও ফিরতে হবে৷ তারপর এসে আবার শুটিং করতে পারব৷" করিনা জানিয়েছেন, তাঁর কলাকুশলীরা এটা বুঝেছিলেন এবং সমর্থন জানিয়েছিলেন৷
মাতৃত্বকে প্রাধান্য দেওয়ার জন্য যদি কিছু কাজ হাতছাড়া হয় তাহলেও তাতে আপত্তি নেই করিনার৷ করিনা বলেন, সন্তানকে যদি সময় দিতে চাও তার জন্য তোমার এটুকু বলার স্বাধীনতা থাকা উচিত যে আমি এটা করব, আমি এত ঘণ্টাই কাজ করতে পারব৷" যদিও করিনা বলেছেন এই সমস্ত শর্ত কাজ শুরু করার আগেই জানিয়ে দেওয়া উচিত৷
গর্ভবতী থাকাকালীন কাজ বন্ধ রাখেননি করিনা। এর জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন৷ অভিনেত্রী একদিকে যেমন কাজ করছেন, সংসার সামলাচ্ছেন আবার একইসঙ্গে নিজের শরীরচর্চার দিকেও খেয়াল রেখেছেন৷
