আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

আচমকাই বাতিল কানিয়ে ওয়েস্টের দিল্লির কনসার্ট

শীঘ্রই ভারতে আসতে চলেছেন জনপ্রিয় র‍্যাপার ইয়ে ওরফে কানিয়ে ওয়েস্ট। কিন্তু তাঁর ভারত সফরের প্রথম কনসার্টটাই আচমকাই বাতিল করে দেওয়া হল। কথা ছিল, আগামী ২৩ মে নিউ দিল্লিতে পারফর্ম করবেন ইয়ে। কিন্তু এখন জানা যাচ্ছে সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে নিরাপত্তা সংক্রান্ত কারণে এই অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইভেন্ট অর্গানাইজারদের তরফে এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ভারত সরকার এবং প্রশাসনের তরফে ইয়ে এবং তাঁর অনুরাগী ও দর্শকদের নিরাপত্তার স্বার্থেই এই শো বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা টিকিট কেটেছিলেন এই শোয়ের তাঁদের আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই টাকা ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ইয়ের ২৯ মার্চ দেশে আসার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে যায়। এবার দিল্লির শোই বাতিল হয়ে গেল। 

কান নিয়ে মাতামাতি কেবল রেড কার্পেটের জন্য, দাবি অনুরাগ কাশ্যপের

প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে একাধিক ভারতীয় তারকারা অংশ নেন। সকলেরই নজর থাকে তাঁরা রেড কার্পেটে কী পরলেন, কেমন সাজলেন সেই দিকে। এবার এই বিষয়ে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর মতে রেড কার্পেটকে গুরুত্ব দিতে গিয়ে চলচ্চিত্র উৎসবের আসল উদ্দেশ্যই সকলে ভুলে গিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ' ভারতে কান নিয়ে সমস্যা এবং অবসেশন হল, লোকজন এটিকে কেবল রেড কার্পেটের জন্য গুরুত্ব দেন। ওঁরা বোঝেন না, ওখানে একটা ফেস্টিভ্যাল চলে, আর সেটার উদ্দেশ্য রেড কার্পেটের থেকে ঊর্ধ্বে।' তিনি এদিন আরও জানান, এই বছরের কান চলচ্চিত্র উৎসবের শুরুর দিন যে তিনি ওখানে ছিলেন সেটা কেউ জানে না। রেড কার্পেটে হাঁটেননি বলে। তাঁর কথায়, 'আমরা সাইড দিয়ে চলে যাই।' তাঁর মতে রেড কার্পেটে হাঁটা এই চলচ্চিত্র উৎসবের সব থেকে কম গুরুত্বপূর্ণ অংশ। 

'করুপ্পু'র স্ক্রিনিংয়ে তৃষাকে দেখে বিজয়ের জন্য বার্তা অনুরাগীর, কী প্রতিক্রিয়া নায়িকার? 

'করুপ্পু' মুক্তির পাওয়ার পর এদিন চেন্নাইয়ের একটি হলে ভিজিটে যান তৃষা কৃষ্ণন। সেখানে তাঁকে দেখেই অনুরাগীরা অভিনেতা তথা তামিল নাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে প্রশ্ন করা শুরু করেন। চর্চিত প্রেমিকের বিষয়ে প্রশ্ন শুনেই লজ্জায় লাল হয়ে যান নায়িকা। এদিন এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়িতে বসে তৃষা। আর তখনই এক অনুরাগী তাঁকে বলেন, 'থালাপতিকে বলবেন আমি ওঁর কথা জিজ্ঞেস করেছি।' অনুরাগীর কথা শুনেই হেসে ফেলেন তৃষা। লজ্জায় লাল হয়ে যান। তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, 'নিশ্চয় বলব।' পুনরায় তিনি ব্লাশ করতে থাকেন। এবং ফোনে ব্যস্ত হয়ে পড়েন।

?ref_src=twsrc%5Etfw">May 15, 2026