সংবাদসংস্থা, মুম্বই: কন্নড় অভিনেতা এবং পরিচালক ঋষভ শেঠি এই মুহূর্তে সাফল্যের সাথে শীর্ষে রয়েছেন। সম্প্রতি অভিনেতার "কান্তারা: অধ্যায় ১" এর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। এক মিনিটের ওই ভিডিও ইতিমধ্যেই ১৯ মিলিয়নেরও বেশি ভিউ অতিক্রম করেছে। অভিনেতা সম্প্রতি গোয়ায় ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন। যেখানে তিনি "কান্তারা" ফ্র্যাঞ্চাইজির প্রিক্যুয়েল, ভারতীয় সিনেমা, ফিল্ম মেকিং, আঞ্চলিক সিনেমা এবং কেন তিনি কখনওই কোনও হিন্দি ভাষার চলচ্চিত্র করতে চান না সে সম্পর্কে কথা বলেছেন।
"কান্তারা"র সাফল্যে উচ্ছস্বিত অভিনেতা। ছবির প্রিক্যুয়েল ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অভিনেতার কথায়, “আমরা প্রথমে একটি গল্প বলার কথা ভেবেছিলাম। এবং তারপর প্রিক্যুয়েল বলতে চেয়েছিলাম। আমরা সাধারণত ফ্র্যাঞ্চাইজি করি কিন্তু এই ছবিটি করার পর আমরা ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা দর্শকদের কাছ থেকে এত ভালবাসা পেয়েছি, আমরা এই প্রিক্যুয়েল ঘোষণা করেছি। "
একটি চলচ্চিত্রে, সম্প্রদায়ের ধর্মীয় এবং ঐতিহ্যগত বিশ্বাসগুলো অন্বেষণ করা চ্যালেঞ্জিং হতে পারে। সেই দিক থেকে এই ছবিতে কাজ করতে অনেক বেশি দায়িত্ব নিতে হয়েছে তাঁকে। সেক্ষেত্রে অভিনেতা জানিয়েছেন, তিনি কোলা সম্প্রদায়ের আচার-অনুষ্ঠান মেনে চলেন । দেবতার উপাসনা করেন। এটাই তাঁর মূল শক্তি। তাঁর কথায় কন্টেন্ট ভাল হলে মানুষ গ্রহণ করবেনই ।