৩০ জুন কাঞ্চন-জায়া তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের জন্মদিন। স্ত্রীর জন্মদিনে বিশেষ আদুরে পোস্ট শুভেচ্ছা জানালেন অভিনেতা। 

একগুচ্ছ ছবি পোস্ট করে শুভেচ্ছা বার্তায় স্ত্রী শ্রীময়ীর জন্য কাঞ্চন মল্লিক লেখেন, "আজকের দিনটায় অনেকক্ষণ ধরে ভেবে চলেছি কী লিখব ? কী পোস্ট করব? তোমার সম্পর্কে লিখতে গেলে তো শুরু করলেও শেষ হবে না। পোষ্টেও এত শব্দ লেখা অসম্ভব। আমার মন ভালোর জন্মদিন তুমি। তোমার জন্মদিনে আলাদা করে কী লিখি বলো তো? কারণ এখন তুমি আমার কাছে অনেকটা বায়ুমণ্ডলের মতো।" 

কাঞ্চন এদিন আরও লেখেন, "এইরে ! একটু বেশি বোধহয় দার্শনিক হয়ে গেলো! না না, আমার কাছে সত্যিই তাই । স্বীকার করিনা তো সবসময় , মানে বলা হয়না সবার সামনে — হাওয়া যেমন ছোঁয়া যায়না, দেখা যায়না , স্পর্শ করাও যায়না — তেমন হাওয়া ছাড়া বাঁচাও অসম্ভব। প্রতি মুহুর্তে শ্বাস-প্রশ্বাসের জন্য দরকারি যেমন হাওয়া , বাড়াবাড়ি শোনালেও আমার জীবনে তুমি তেমনটাই । আমাদের মেয়ে কৃষভির খেয়াল  রাখা থেকে শুরু করে , আমার খুটিনাটি সমস্ত কিছু, আমার ভালো অভ্যাস মন্দ অভ্যাস, জীবনে পথচলার প্রতিটা ক্ষেত্রে সবকিছুকে গুছিয়ে দেওয়া, কখনো কখনো তোমার শাসন, কঠিন শাসন, আদর, ভালবাসা, ধমক, যত্ন, রাগ, অভিমান, পূর্বরাগ এই সবকিছুতেই আমি পরিপূর্ণ । তাইতো বললাম হাওয়া কে যেমন বর্ণনা করা যাবেনা , তোমায়ও না । লিখতে গেলে শেষ হবেনা ।" 

কাঞ্চন তাঁর পোস্টের শেষে শ্রীময়ীর উদ্দেশ্যে লেখেন, "তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা শ্রীময়ী। এক আকাশ ভালোবাসা তোমার জন্য কৃষভি ও আমার পক্ষ থেকে । ভালো থেকো ঝুম্পা । সুস্থ থেকো পাশে থেকো । আমাদের ঘিরে থেকো হাওয়ার মতোন, বায়ুমণ্ডলের মতোন । ও আর এই পোস্টের পর কমেন্টস ! ওটা আর পরোনা... তাও যখনই দেখবে একটাই গান মনে করে গাইবে....  কারণ এর থেকে বড় কিছু বোধহয় আর হয়না আমাদের জীবনে ! সেই কিশোর কুমারের বিখ্যাত গানের লাইন, Kuchh to log kahenge Logon ka kaam hai kehna।" (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল) 

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সেই বছরই মার্চ মাসে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁদের পরিবার বেড়ে ২ থেকে ৩ হয়। তাঁদের কোল আলো করে আসে মেয়ে কৃষভি। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কাঞ্চনের এটি তৃতীয় বিবাহ এবং তাঁদের দুজনে বয়সের ফারাক বিস্তর। এই কারণে তাঁদের দারুণ কটাক্ষের মুখে পড়তে হয়েছিল একটা সময়।