বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী তিনি। কথা হচ্ছে, কল্কি কোয়েচলিনকে নিয়ে। কাজ করেছেন 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'গালি বয়', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'দেব ডি', 'মার্গারিটা উইথ এ স্ট্র', ইত্যাদির মতো ছবিতে। সম্প্রতি এ হেন অভিনেত্রী তাঁর জীবনের একটি কষ্টকর কালো অধ্যায়ের প্রসঙ্গে কথা বললেন।
কল্কি কোয়েচলিন সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসছিলেন। সেখানেই তিনি তাঁর একটি সম্পর্ক ভাঙার কথা বলেন। এই ঘটনাটি তাঁকে প্রবল ভাবে নাড়া দিয়েছিল। দীর্ঘ সময় তিনি সেই কারণে ঘুমোতে পারতেন না বলেই জানালেন এদিন।
কল্কি এদিন দাবি করেন, এই ঘটনার পর তাঁর মানসিক এবং শারীরিক স্বাস্থ্য একদম বিগড়ে গিয়েছিল। মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। আর সেই কারণে রাতের পর রাত ঘুমাতে পারতেন না তিনি। অভিনেত্রীর কথায়, 'আমি বহু মাস ইনসোমনিয়ায় ভুগেছি। আর সেই সময় বুঝেছি, বিষয়টা মানসিক ভাবে কতটা প্রভাব ফেলেছিল।' ঘুমালেও মধ্যরাতে ঘুম ভেঙে যেত। সারারাত সেই সময় বসে গিটার বাজাতেন তিনি। কিছুতেই ঘুম আসত না তাঁর। সেই সময় দীর্ঘ রাতগুলো তিনি টুকটাক কোনও না কোনও কাজ করে পার করতেন কোনও মতে। অসম্ভব উদ্বেগ ও অশান্তির মধ্যে দিয়ে সময়টা কাটিয়েছিলেন বলেই জানান কল্কি।
স্বাভাবিক ভাবেই পর্যাপ্ত ঘুম না হলে সেটা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। মাথা ঘুরত, কাজে মন বসাতে পারতেন না বলেই জানালেন অভিনেত্রী। কল্কি কোয়েচলিন বলেন, 'সেই দিনগুলিতে আমায় কাজ করতে হতো। কিন্তু আমি বুঝতাম না জেগে আছি না ঘুমাচ্ছি। প্রায় চার মাস এই অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছি।' লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছিলাম। মানসিক ভাবে একদম বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।
কল্কি কোয়েচলিনের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে কথা বলতে গেলে, তিনি পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পর কল্কি হারাবার্গ নামক এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান। ২০২০ সালে তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। অভিনেত্রীকে শেষবার 'গোল্ডফিশ' নামক একটি ইংরেজি ছবিতে দেখা গিয়েছিল।















