সংবাদসংস্থা মুম্বই: বাবা হলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ গায়ক জাস্টিন বিবার। পপ তারকা ও তাঁর স্ত্রী মডেল হেইলি বিবারের কোল আলো করে এল পুত্রসন্তান। দীর্ঘ অপেক্ষার পর সুখবর গায়কের পরিবারে। দম্পতি পুত্র সন্তানের সুখবর নিজেই ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। শুধু তাই নয়, নতুন অতিথির একটি ঝলকও ভাগ করে নিয়েছেন এই দম্পতি। ২৪ আগস্ট সকালে এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নবজাতকের নাম প্রকাশও করেছেন তাঁরা।
জাস্টিন বিবার সোশ্যাল মিডিয়ায় সাদা কাপড়ে মোড়ানো তাঁদের একরত্তির পায়ের একটি ছবি ভাগ করে নিয়েছেন। আর সেইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'স্বাগত জ্যাক ব্লুজ বিবার।' হেইলিও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ওই একই ছবি পোস্ট করেছেন। তাঁদের ওই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন দেশ বিদেশের অসংখ্য অনুরাগীরা।
প্রসঙ্গত, দীর্ঘ ৮ বছরের সম্পর্কের বিচ্ছেদ হয় জাস্টিন বিবার ও সেলেনা গোমজের। তারপরই ২০১৮ সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্ন হতে তাঁদের বিবাহের কথা স্বীকার করেন এই তারকা জুটি। আর এখন ছেলেকে নিয়ে গড়ে উঠল তাঁদের পরিপূর্ন সংসার।
