হলিউডে নেমে এল শোকের ছায়া। 'জুরাসিক পার্ক', 'দ্য পিয়ানো', 'ডেড ক্যাল্ম', 'ইন দ্য মাউথ অব ম্যাডনেস'-সহ একাধিক স্মরণীয় ছবির অভিনেতা স্যাম নিল প্রয়াত। বয়স হয়েছিল ৭৮ বছর।
অভিনেতার পরিবারের পক্ষ থেকে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই মৃত্যুসংবাদ জানানো হয়। সেখানে বলা হয়েছে, সোমবার, ১৩ জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যাম নিল। পরিবার জানিয়েছে, তাঁর মৃত্যু ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। তবে স্বস্তির বিষয়, মৃত্যুর সময় তিনি ক্যানসারমুক্ত ছিলেন। চিকিৎসার জন্য সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার এবং এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ মাসে স্যাম নিল নিজেই জানিয়েছিলেন, এক বছর আগে তাঁর শরীরে বিরল ধরনের রক্তের ক্যানসার অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা ধরা পড়েছিল। সেই বছরই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "মৃত্যুকে আমি কখনও ভয় পাইনি। তবে এখনও অনেক কাজ করার ইচ্ছে রয়েছে, তাই চলে যেতে খারাপ লাগবে।" তাঁর এই কথাগুলি আজ আরও বেশি আবেগঘন হয়ে উঠেছে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by SamNeillTheProp (@samneilltheprop)
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে স্যাম নিল নানা ধরনের চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। কেরিয়ারের শুরুতে 'স্লিপিং। ডগস', 'মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার' এবং 'দ্য ফাইনাল কনফ্লিক্ট'-এর মতো ছবিতে নজর কেড়েছিলেন। পরে 'দ্য হান্ট ফর রেড অক্টোবর', 'ইভেন্ট হরাইজন', 'দ্য হর্স হুইস্পারার' ও 'বাইসেন্টেনিয়াল ম্যান'-এর মতো ছবিতেও তাঁর অভিনয় সমান প্রশংসিত হয়।
তবে বিশ্বজুড়ে তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তোলে ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত 'জুরাসিক পার্ক'-এ ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি। একই বছর জেন ক্যাম্পিয়নের অস্কারজয়ী ছবি 'দ্য পিয়ানো'-তেও তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পায়। পরে 'জুরাসিক পার্ক ৩' এবং 'জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন'-এও তিনি আবার ড. গ্র্যান্ট চরিত্রে ফিরে আসেন।
শুধু সিনেমা নয়, টেলিভিশনেও তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল। 'মেরলিন', 'দ্য টিউডর্স', 'পিকি ব্লাইন্ডার্স' এবং 'অ্যাপেলস নেভার ফল'-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে তিনি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন।
১৯৪৭ সালের ১৪ সেপ্টেম্বর উত্তর আয়ারল্যান্ডের ওমাঘে জন্মগ্রহণ করেন নাইজেল জন ডারমট নিল। পরে পরিবার নিয়ে নিউ জিল্যান্ডে চলে যান। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করার পর অভিনয়ের জগতে পা রাখেন। কয়েক দশকের কর্মজীবনে তিনি একাধারে বাণিজ্যিক ও অন্যধারার- দুই ঘরানার সিনেমায় নিজের অনন্য দক্ষতার পরিচয় দিয়েছেন। নায়ক থেকে খলনায়ক—প্রতিটি চরিত্রেই তিনি রেখে গেছেন অমলিন ছাপ।
স্যাম নিলের মৃত্যুতে হলিউড হারাল এক বহুমাত্রিক অভিনেতাকে, যার অভিনয় ও ব্যক্তিত্ব আগামী প্রজন্মের কাছেও সমানভাবে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।