সংবাদসংস্থা, মুম্বই: নতুন বছরের শুভ সূচনার সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে জুনিয়র এনটিআর-এর "দেবারা"র লুক। নির্মাতারা একটি নতুন পোস্টার ভাগ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাহ্নবী কাপুর এবং সইফ আলি খান।
নতুন পোস্টারে তীব্র এবং উগ্র চেহারায়, মাঝ সমুদ্রে অভিনেতা। দেখে মনে হচ্ছে, চারপাশে ঝড় উঠেছে । দুর্যোগ মাথায় নিয়ে একা দাঁড়িয়ে তিনি। জুনিয়র এনটিআর নিজেও তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই লুক। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। ৮ ই জানুয়ারি, ২০২৪, আপনাদের "দেবারা"র ঝলক দেখানোর জন্য অপেক্ষায় রয়েছি।""
কোরাতলা শিভা পরিচালিত, যুবসুধা আর্টস এবং এনটিআর আর্টস দ্বারা প্রযোজিত "দেবারা" ছবিটি উপস্থাপনা করেছেন নন্দমুরি কল্যাণ রাম। এটি দুই ভাগে মুক্তি পাবে। প্রথম অংশটি ৫ এপ্রিল, ২০২৪-এ বড় পর্দায় মুক্তি পাবে। তবে দ্বিতীয় অংশের মুক্তির তারিখ এখনও ঘোষণা করেননি নির্মাতারা। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর, এবং সিনেমাটোগ্রাফি পরিচালনা করেছেন আর রথনাভেলু।
ছবি প্রসঙ্গে মুম্বই সংবাদসংস্থার কাছে একটি সাক্ষাৎকারে পরিচালক বলেন, "ছবিটি উপকূলীয় ভারতের বিস্মৃত ভূখণ্ডের কথা নিয়ে তৈরি হয়েছে । ছবির প্রতিটি চরিত্রের নিজস্ব ওজন রয়েছে। গল্পের কারণেই ছবিটিকে বড় ক্যানভ্যাসে দুটি অংশে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি দর্শক সমৃদ্ধ হবেন।""