কখনও সিনেমা, কখনও ছোটপর্দায় নতুন জুটি দেখা যায়। কিছু ক্ষেত্রে সেই জুটি হিট করে যায়, আবার কিছু ক্ষেত্রে তা দাগ কাটে না দর্শকদের মনে। টলিউডে এবার আসছে একদম নতুন এক জুটি। জন ভট্টাচার্য এবং রূপসা মুখোপাধ্যায়। টলিউডে দারুণ শোরগোল তাঁদের জুটি নিয়ে। তাঁরা কি প্রেম করছেন? উত্তর হ্যাঁ, তবে বাস্তবে নয়। পর্দায়। 

জন এবং রূপসার এই জুটিকে কিন্তু দর্শক সিনেমা বা সিরিয়াল, সিরিজে নয়, বরং মিউজিক ভিডিওতে দেখতে পাবেন। সারেগামা ও ক্যালকাটা সিনে ওয়ার্কস -এর যুগলবন্দীতে আসছে নতুন মিউজিক ভিডিও 'মন যে আমার'। গত এক বছর ধরে 'সারেগামা' এবং 'ক্যালকাটা সিনে ওয়ার্কস প্রাইভেট লিমিটেড' একসঙ্গে কাজ করে চলেছে। এই সফল পথচলার ধারাবাহিকতায় তারা এবার নিয়ে আসছে তাদের বহু প্রতীক্ষিত নতুন মিউজিক ভিডিও 'মন যে আমার'। 

এটি আদ্যোপান্ত একটি রোমান্টিক গান হতে চলেছে। আগামী ১৭ মে মুক্তি পেতে চলেছে সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেলে। শুধু তাই নয়, এছাড়াও সমস্ত জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও মুক্তি পাবে এই গানটি।
এই গানটির সঙ্গীত পরিচালনা এবং সামগ্রিক পরিচালনা করেছেন দেবাঞ্জন। উল্লেখ্য, ২০২৫ সালে তাঁর পরিচালিত 'কাছাকাছি তুই আমি' এবং 'বলো দুগ্গা মাইকি' গান দু'টি অভাবনীয় জনপ্রিয়তা লাভ করেছে। শুধু তাই নয় এ দুই গানের ভিউজ ১ মিলিয়নের বেশি। সেই সাফল্যের পর দেবাঞ্জনের এই নতুন কাজ ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

'মন যে আমার' মিউজিক ভিডিওর অফিসিয়াল পোস্টারে একটি স্নিগ্ধ ও রোমান্টিক গল্পের আভাস পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী মানসী ঘোষ। গানটি লিখেছেন বারিশ, চিত্রগ্রহণ করেছেন সৌভিক বসু, কোরিওগ্রাফার অরূপ সেনগুপ্ত। সম্পাদনা করেছেন দেবজিৎ সরকার।

দর্শকদের জন্য আরও একটি সুখবর রয়েছে। ক্যালকাটা সিনে ওয়ার্কস এবং পরিচালক দেবাঞ্জন বর্তমানে একটি নতুন বাংলা পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। ছবির নাম 'প্রতিদ্বন্দ্বী'। আগামী ২রা জুন থেকে এই সিনেমার শুটিং বা চিত্রায়ণের কাজ শুরু হতে চলেছে। মিউজিক ভিডিওর মতো এই চলচ্চিত্রেও চিত্রগ্রাহক হিসেবে পুনরায় ক্যামেরার দায়িত্ব সামলাবেন সেই সৌভিক বসু।

আসন্ন মিউজিক ভিডিও প্রসঙ্গে জন ভট্টাচার্য বলেন, "আমার খুব আনন্দ পেয়েছি কাজটা করে। এটা আমার প্রযোজক দেবাঞ্জনদার সঙ্গে প্রথম কাজ। সারেগামার সঙ্গে অতীতেও কিছু কাজ করেছি। কিন্তু এটার জন্য আমি মুখিয়ে আছি। মন যে আমার আসতে চলেছে, আপনারা সকলে জানাবেন কেমন লাগল।" অন্যদিকে রূপসা মুখোপাধ্যায় বলেন, "আমার তো গানটা ভীষণই ভাল লেগেছে, আশা করি দর্শকদেরও ভাল লাগবে। খুব মজা করে কাজ করেছি আমরা। লোকেশন খুব ভাল ছিল। জনের সঙ্গে প্রথমবার কাজ করলাম। আশা করি, দর্শকদের আমাদের জুটি ভাল লাগবে।"